নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিড ডে মিলের সদ্য ঘোষিত বর্ধিত বরাদ্দ পিএফএমএস-এর মাধ্যমে জেলাগুলিকে পাঠিয়ে দেবে রাজ্য সরকার। সোমবার বিকাশ ভবনের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের প্রাথমিক স্কুল এবং যৌথভাবে পরিচালিত বাল বাটিকার পড়ুয়াদের জন্য মাথাপিছু দৈনিক ৭৪ পয়সা এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য ১ টাকা ১২ পয়সা বাড়ানো হয়েছে। তবে, এই নামমাত্র বৃদ্ধির জন্যই ডিসেম্বর মাসের জন্য ১৮ কোটি টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি, কেন্দ্রের নামমাত্র বরাদ্দ বৃদ্ধিতে কোনও লাভ হবে না। রাজ্য কিছুটা বাড়তি ভর্তুকি দিক। ডিম, ডাল প্রভৃতির দাম চড়া থাকায় শিশুদের প্রোটিনে ঘাটতি পড়তে পারে।



