Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাটা আরডিসি ভোট: জয়ী তৃণমূলের তিন কাউন্সিলারের গোষ্ঠী

বাটা আরডিসি ভোট: জয়ী তৃণমূলের তিন কাউন্সিলারের গোষ্ঠী
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত বাটা আরডিসি কন্টাক্টরস লেবার ইউনিয়নের নতুন দাবি সনদ নিয়ে গোপন ব্যালটে ভোট হল। তাতে জয়ী হয়েছে তিন কাউন্সিলার গোপাল সাহা, অলকা মাইতি এবং তরুণ মণ্ডলের শিবির। হেরে গিয়েছে মহেশতলা পুরসভার জল বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য পীযূষ দাস গোষ্ঠী। মোট ভোটদাতা ১১২ জন সদস্যর মধ্যে ৮০ জন ভোট দেন। বাটা কারখানা চত্বরে রিটেল ডিস্ট্রিবিউশন সেন্টারের ভিতর এই ভোটাভুটিতে নতুন দাবি সনদের পক্ষে পড়ে ৭৯টি ভোট। ভোটের সময় ছিলেন ৩৩ এবং ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অলকা মাইতি ও গোপাল সাহা। ওই সংগঠনের সহকারী সম্পাদক গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে পীযূষবাবুর শিবির ক্ষমতায় ছিল। কিন্তু আরডিসির শ্রমিকদের স্বার্থের কথা কখনও ভাবেনি। এবার আগামী সপ্তাহে তিন কাউন্সিলারকে নিয়ে বাটা কর্তৃপক্ষের কাছে নতুন দাবি সনদ পেশ করা হবে। এই দাবি সনদে আরডিসির চুক্তিভিত্তিক শ্রমিকদের বেতন পরিকাঠামো থেকে পিএফ, গ্রাচ্যুয়িটির পরিবর্তন চাওয়া হয়েছে। গৌতমবাবু জানান, মহেশতলার বাটা কারখানাতে রিটেল ডিস্ট্রিবিউশন সেন্টার সংক্ষেপে আরডিসি বিভাগ থেকে যাবতীয় জুতো বিক্রির জন্য যায়। এখানে ’৯৩ সাল থেকে পর্যায়ক্রমে ১১২ জন শ্রমিক ঠিকাদার সংস্থার মাধ্যমে চুক্তিভিত্তিতে নিযুক্ত হয়েছেন। আগে এখানে কোনও ইউনিয়ন ছিল না। পরে তৃণমূলের উদ্যোগে ইউনিয়ন হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ