নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের বুথ সভাপতির বাড়ি ও দোকানে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার ভোরে, বাসন্তী থানার হাড়ভাঙ্গি গ্রামে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক বিজেপির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
এদিন ভোররাতে আচমকা পরপর বিকট শব্দে কেঁপে ওঠে গ্রাম। বোমাবাজির ফলে অশোক প্রধান নামে ওই তৃণমূল নেতার বাড়ির চাল ক্ষতিগ্রস্ত হয়। দোকানের দেওয়ালেও ফাটল দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। বুথ সভাপতি বলেন, এর আগেও আমার উপর হামলার চেষ্টা হয়েছিল। বিরোধী দল এই কাজ করেছে। এদিকে, তদন্তে নেমে পুলিস শৈলেন নস্কর নামে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। যদিও তিনি নির্দোষ বলে দাবি করেছেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই বোমাবাজি বলে তাঁর পাল্টা অভিযোগ। অন্যদিকে, এই ঘটনার নিন্দা করেছেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। এই কাণ্ডে যুক্ত অন্যদেরও দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি।



