নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পথ দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে। এবার বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মৃতের নাম মমতা দোলুই (৩৩)। তাঁর বাড়ি কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এলাকার কাঁটাতলাতে। মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কের কাঁটাতলা বাজার এলাকায়। পুলিস জানিয়েছে, বছর দুয়েকের ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই মহিলা। তখন একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। ধাক্কার চোটে রাস্তা থেকে ফুটপাতে ছিটকে পড়েন দু’জনে। পুলিস দু’জনকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই মৃত্যু হয় মহিলার। শিশুটি অবশ্য সুস্থ আছে। পুলিস মোটরবাইকের নম্বর প্লেটটি চিহ্নিত করতে পারলেও বাইক আরোহীকে ধরতে পারেনি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিস।



