Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশরপাড়ায় নয়া ড্রেন, বরাদ্দ সাড়ে ৬ কোটি

বিশরপাড়ায় নয়া ড্রেন, বরাদ্দ সাড়ে ৬ কোটি
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: রেল লাইনের ধারে নিকাশি খাল। তার উপর একের পর এক দোকান ও বসতবাড়ি। আট-দশ ফুটের খাল কোথাও কোথাও মাত্র একহাত চওড়া হয়ে গিয়েছে। ফলে বর্ষার সময় জল নিকাশি কার্যত বন্ধ হয়ে যায়। নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। কংক্রিটের ড্রেন নির্মাণের জন্য নগরোন্নয়ন দপ্তর সাড়ে ছয় কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি বছরে বর্ষার আগেই এই কাজ শেষ করতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে। শিয়ালদহ-বারাসত রেললাইনের ধার দিয়ে তৈরি খাল উত্তর দমদম পুরসভার বিস্তীর্ণ এলাকার নিকাশি ব্যবস্থার মূল ভরসা। শহরের ২, ৩, ৪, ১০, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের জল ওই খাল হয়ে উত্তর বারাকপুর পুরসভার সীমান্তে ফতেসা খালে পড়ত। কিন্তু যতদিন গিয়েছে, ওই খাল প্রকৃতির নিয়মে মজেছে। তার থেকেও বড় সমস্যা দেখা দিয়েছে খালের উপর দখলদারি। বিশরপাড়া স্টেশন থেকে ছয় নম্বর রেল গেট সহ পুরো খালপাড় বরাবর প্রচুর দোকান ও ঘর তৈরি করা হয়েছে। যতদিন যাচ্ছে, ওই দখলদারি আরও বাড়ছে। ফলে বর্ষায় আশপাশের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। তীব্র ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই সমস্যা সমাধানের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল সাধারণ মানুষ। উত্তর দমদম পুরসভার পাশ দিয়ে বিশরপাড়া আসার রেল লাইনের পাড় বরাবর ড্রেন আগেই সংস্কার করা হয়েছিল। এরপর উল্টোদিকের ড্রেন দ্রুত সংস্কার করে কংক্রিটের করার জন্য রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে দরবার করেছিল পুরসভা। সম্প্রতি নগরোন্নয়ন দপ্তর মন্দিরপাড়া থেকে ফতেসা খাল পর্যন্ত নতুন কংক্রিটের ড্রেন তৈরির জন্য ৬ কোটি ৫১ লাখ ৬৬ হাজার টাকার আর্থিক অনুমোদন দিয়েছে। দ্রুত এই কাজ শুরু করার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরুর প্রস্ততি নেওয়া হচ্ছে। পুরসভার সিআইসি বিন্দুমাধব দাস বলেন, ওই ড্রেন সংস্কার না হওয়ায় জল জমা সমস্যা তীব্র হচ্ছিল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে নগোরন্নয়ন দপ্তর হাইড্রেন তৈরির আর্থিক অনুমোদন দিয়েছে। দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ