Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ

ফের শীতলকুচি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় শীতলকুচি ব্লকের রাজারবাড়ি সীমান্তে।

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ
  • ১৪ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

সংবাদদাতা, শীতলকুচি: ফের শীতলকুচি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় শীতলকুচি ব্লকের রাজারবাড়ি সীমান্তে।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন কাঁটাতারের ওপার থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তিনজন বাংলাদেশী। তিলক বর্ডার আউট পোস্টের ২৪ গেটের দিকে আসছিলেন ওই তিন জন। তাঁদের মধ্যে দুই মহিলা ও এক পুরুষ ছিলেন। সেই সময় নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশিদের আটকে দেন বিএসএফের ১৫৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বর্তমানে তাঁরা নো ম্যানস ল্যান্ডেই আটকে রয়েছেন। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি-ও তাঁদের নিজেদের দেশে ঢুকতে বাধা দিয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শীতলকুচি ব্লকের গাদোপোঁতা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাঁচ বাংলাদেশি। কয়েকমাস আগে এই গ্রাম থেকেই উকিল বর্মন নামে এক চাষীকে তুলে নিয়ে যায় পড়শি দেশের দুষ্কৃতীরা। ফের একই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

সীমান্তে উত্তেজনা থাকায় এদিন কাঁটাতারের বেড়া পেরিয়ে কৃষি জমিতে যেতে পারেননি বাসিন্দারা। স্থানীয় ভানু বর্মন বলেন, ‘সীমান্তে বারবার এমন ঘটনা ঘটলে আমরা কোথায় যাব? আজ সীমান্তের ওপারে যেতে বারণ করা হয়েছে। বারবার এধরনের ঘটনা ঘটলে আমাদের সমস্যায় পড়তে হবে।  আমরা চাই বাংলাদেশিরা তাঁদের দেশে ফিরে যাক।’

যদিও এবিষয়ে বিএসএফ আধিকারিকরা কোনও মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ আধিকারিক জানান, বিজিবির সঙ্গে ফ্ল্যাগ বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ