Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত মহকুমায় হোটেল, দোকানে ‘ধুঁকছে’ অগ্নি নির্বাপণ ব্যবস্থা, প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি

বারাসত মহকুমায় হোটেল, দোকানে ‘ধুঁকছে’ অগ্নি নির্বাপণ ব্যবস্থা, প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: কোনও কোনও হোটেলে বা দোকানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলেও সিংহভাগেরই তা নেই। আবার অনেকের অগ্নি নির্বাপক মেশিনের মেয়াদ পার হয়ে গিয়েছে। ফলে হঠাৎ কোনও অগ্নিকাণ্ড ঘটলে আগুন নেভাতে হিমশিম খেতে হবে মানুষকে। তাছাড়া অনেক হোটেলের উপরে রয়েছে বসতবাড়িও। ফলে, আগুন লাগলে তা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তাই শহরের বড় বড় দোকান বা হোটেল-রেস্তরাঁগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশাসনিক নজরদারির দাবি তুলেছেন নাগরিকরা।
Advertisement
যত দিন যাচ্ছে, ততই বারাসত মহকুমা জুড়ে জনবসতি বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ছোট-বড় হোটেল, রেস্তরাঁ সহ বিভিন্ন খাবারের দোকান। এছাড়াও বিভিন্ন ছোট ও বড় দোকানও গজিয়ে উঠছে যত্রতত্র। নিয়মানুযায়ী ব্যবসা করার জন্য মালিককে নিতে হয় ‘ট্রেড লাইসেন্স’। আগে এই লাইসেন্স ছিল অফলাইনে। ফলে সমস্ত নিয়ম মানা হচ্ছে কি না, সেগুলি খতিয়ে দেখত সংশ্লিষ্ট পুরসভা বা পঞ্চায়েত প্রশাসন। কিন্তু, এখন লাইসেন্স পেতে গেলে অনলাইনে আবেদন করতে হয়। অভিযোগ, সেক্ষেত্রে অগ্নি নির্বাপণ ব্যবস্থা সহ আনুষঙ্গিক সুরক্ষা ব্যবস্থার নজরদারিতে রয়ে যাচ্ছে ফাঁক। কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিলেই মিলছে ট্রেড লাইসেন্স। সদ্য কলকাতা বা আশেপাশের জেলার বেশ কয়েকটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার পর এই প্রশ্নটি উঠে এসেছে। এমনকী কয়েকদিন আগে দত্তপুকুরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপণ ব্যবস্থার গাফিলতি নজরে আসে দমকলের। তারপর দপ্তরের পক্ষ থেকে এফআইআর-ও করা হয়।
এ নিয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, আগে ট্রেড লাইসেন্স অফলাইনে হতো। এখন অনলাইনে। তবুও আমরা নিরাপত্তার বিষয়টি ভালো করে যাচাই করে নিচ্ছি। মাঝেমধ্যেই আমাদের সারপ্রাইজ ভিজিট হয়। আমাদের নির্দিষ্ট একটি টিম রয়েছে, তারা এই বিষয়টি খতিয়ে দেখে। তবে অগ্নি নির্বাপণ যন্ত্রের হাল খারাপ থাকার যে অভিযোগ উঠছে, সেই দিকটিও আমরা খতিয়ে দেখব।
অন্যদিকে, হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে আমরা ব্যবসাদার ও সমন্বয় সমিতির সঙ্গে বৈঠক করব। এছাড়া আমাদের যে অভিযান চলে, সেটাও জারি থাকবে। তবে, মহকুমার এক পুরকর্তার কথায়, এখন ট্রেড লাইসেন্স অনলাইনে হওয়ায় কিছুটা গাছাড়া ভাব থাকছে। এনিয়ে বারাসতের মহকুমা শাসক সোমা দাস বলেন, বিষয়টি নিয়ে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব।
সম্পর্কিত সংবাদ