নিজস্ব প্রতিনিধি, বরানগর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বরানগরের একাধিক রাস্তার। পিচ উঠে গিয়েছে বহু জায়গায়। সর্বত্র স্টোন চিপস ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যাতায়াত করতে গিয়ে রোজই নাভিশ্বাস শহরবাসীর। মাঝেমধ্যেই পথ দুর্ঘটনার শিকার হতে হচ্ছে অনেককে। এবার রাস্তাগুলি মেরামত করতে টাকা বরাদ্দ করল রাজ্যের নগরোন্নয়ন দপ্তর। ৩৪টি রাস্তার জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, টেন্ডার প্রক্রিয়ার তোড়জোড় শুরু হয়েছে। আগামী বছরের শুরুতেই কাজ চালু করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছে দপ্তর।
Advertisement
অভিযোগ, গত বর্ষায় বরানগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পর্যন্ত খানাখন্দে ভরে গিয়েছিল। শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতের দাবিতে সরব। তারপর পুজোর আগে প্যাচ ওয়ার্ক করে কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু জোড়াতাপ্পি দেওয়া রাস্তা ফের ভেঙে যায়। ধুলোর দাপটে ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বাধ্য হন বাসিন্দারা। বাইকের চাকা পিছলে দুর্ঘটনা ঘটে। এই রাস্তা মেরামতের জন্য পুরসভা নগরোন্নয়ন দপ্তরে তদ্বির করেছিল। চলতি মাসের ১৯ তারিখ ৩৪টি রাস্তা মেরামতের অনুমোদন দেয় দপ্তর। এই কাজে খরচ ধরা হয়েছে প্রায় দু’কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার টাকা। ১৯ নম্বর ওয়ার্ডের একে মুখার্জি রোডের ২৪/২৭ থেকে ২৪/৩/সি পর্যন্ত রাস্তা সংস্কারে ১১ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ২৬ নম্বর ওয়ার্ডের তারকেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার থেকে ময়রাডাঙা রোডের ১৮/১ থেকে ৫০/এ, ৫০/৬ পর্যন্ত রাস্তা মেরামত হবে। খরচ হবে ১১ লক্ষ ৪৬ হাজার টাকা। একইভাবে ১২ নম্বর ওয়ার্ডের নিয়োগীপাড়া থেকে মতিলাল মল্লিক লেন পর্যন্ত মেরামত হবে। শহরের বিভিন্ন ওয়ার্ডে কংক্রিটের নতুন রাস্তা তৈরি হবে। পুরসভার পূর্ত বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল অঞ্জন পাল বলেন, ‘শহরের ৩৪টি রাস্তা সংস্কারের জন্য প্রশাসনিক অনুমোদন মিলেছে। এগুলি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল। শহরের বাসিন্দারা সমস্যায় পড়েছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় টেন্ডার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।’



