নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপির জেলা সভাপতি দুর্নীতিগ্রস্ত, অভিযোগ করলেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম মণ্ডল। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। তিনি এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। অর্জুন সিংয়ের পরাজয়ের পিছনে তাঁর হাত রয়েছে। কারণ তিনি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলেন।
Advertisement
এই গৌতম মণ্ডলের বিরুদ্ধে শনিবার রাতে বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে। যদিও গৌতমবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মনোজ বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় চোর চোর বলে চিৎকার করেছিলাম। তখন ওঁর নিরাপত্তা রক্ষীরা আমার দিকে তেড়ে আসেন। কিছু দূরে কে বা কারা গাড়ি ভেঙে দিয়েছে, তা আমি বলতে পারব না। এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রাক্তন মণ্ডল সভাপতির অভিযোগকে উড়িয়ে দিয়ে মনোজ বলেন, ওঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় দল থেকে সাসপেন্ড করা হয়েছে। উনি আমাকে বঁটি ছুড়ে মেরেছেন। তৃণমূলের পার্টি অফিসের সামনেই ঘটনা ঘটেছে। উনি তৃণমূলের মদতেই এসব করেছেন। পুলিসকে সব জানানো হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত করছে।



