Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬

শুদ্ধকরণের নামে বধূকে গণধর্ষণ, গ্রেপ্তার স্বামী সহ শ্বশুরবাড়ির ৯ জন

স্ত্রী প্রেমিকের কাছে পালিয়েছেন! এই অভিযোগে বধূকে চরম অত্যাচার করলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, শুদ্ধকরণের নামে তাঁকে গণধর্ষণ করা হয়।

শুদ্ধকরণের নামে বধূকে গণধর্ষণ,  গ্রেপ্তার স্বামী সহ শ্বশুরবাড়ির ৯ জন
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: স্ত্রী প্রেমিকের কাছে পালিয়েছেন! এই অভিযোগে বধূকে চরম অত্যাচার করলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, শুদ্ধকরণের নামে তাঁকে গণধর্ষণ করা হয়। গুজরাতের সুরেন্দ্রনগরের ঘটনায় ইতিমধ্যেই দু’জন মহিলা-সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন মহিলার স্বামীও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তাঁর স্বামীকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে প্রায় তিন মাস ছিলেন। মহিলার স্বামীর দাবি, ওই ব্যক্তিই তার স্ত্রীর প্রেমিক। খোঁজ পেতেই স্ত্রীকে জোর করে ফিরিয়ে আনেন। এরপরই শুরু হয় অত্যাচার। অভিযোগ,  তাঁকে বাড়িতে বেঁধে রাখা হত। কোনক্রমে ফের পালিয়ে প্রেমিকের কাছে ফিরে যান মহিলা। সেই খোঁজও পান মহিলার স্বামী। এবার আত্মীয়দের সঙ্গে নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে যান তিনি। সঙ্গে পাকড়াও করেন স্ত্রীর প্রেমিককেও। অভিযোগ, দুজনকে সুরেন্দ্রনগরের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয়  ‘শুদ্ধকরণ’ অনুষ্ঠান। পুলিশের দাবি, শুদ্ধকরণের নামে  দু’জনকে বেঁধে মারধর করা হয়। প্রকাশ্যে মহিলার উপর যৌন নির্যাতন চালানো হয়। স্বামী সহ আরও অনেকে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুদ্ধকরণ হিসাবে তাঁকে প্রস্রাব খেতেও বাধ্য করা হয়। শুধু তাই নয়, পুরো ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সেই ভিডিয়ো দেখেই মহিলাকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ