


অ্যামাজন প্রাইম ভিডিও-র নতুন সিরিজ ‘মা কা সাম’-এ মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মোনা সিং। এক সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন নিয়ে নানা কথা বললেন অভিনেত্রী।
টেলিভিশন, ওটিটি, বড় পর্দা— সব মাধ্যমে কাজ করার পর্যায়টা কীভাবে উপভোগ করছেন?
সত্যি বলতে, আমি জানতামই না যে আমার শো-গুলো পর পর রিলিজ হবে। আমি খুব খুশি। ২০ বছর বয়সে ‘জস্সি’ করেছিলাম, তখন থেকে মানুষ আমাকে দেখছেন। ৪০-এ এসে এখন নতুন নতুন এক্সপেরিমেন্ট করছি।
কেরিয়ারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাকে সবচেয়ে বেশি ভরসা করেন?
নিজেকেই ভরসা করি। আমি সবার কথা শুনি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তটাই নিই, কারণ এটা আমার কেরিয়ার। যে স্ক্রিপ্ট আমাকে নাড়িয়ে দেয়, রাতে ঘুমোতে দেয় না, আমাকে ভয় দেখায়, আর বারবার ভাবায় ‘আমি কি এটা পারব?’— সেখানেই বুঝি, এটাকেই আমার বেছে নেওয়া উচিত।
এই সিরিজটা গণিতকে ঘিরে। আপনি অঙ্কে কেমন ছিলেন?
(হাসি) বাবা-মা বলতেন, পাশ করলেই অনেক। আমি কমার্স গ্র্যাজুয়েট, তাই টাকার হিসেব বা ইনভেস্টমেন্ট ভালো বুঝি। তবে অঙ্ক নিয়ে পড়াশোনা আর অঙ্কের শিক্ষকদের থেকে একটু দূরেই থাকতাম।
এমন কোনও চরিত্র আছে, যেটা আপনি সবথেকে বেশি উপভোগ করেন?
দেখুন, আমি অভিনয়টা ভীষণ ভালোবাসি, আর একই জিনিস বারবার না করে নতুন কিছু করতে পারলেই সবচেয়ে বেশি উপভোগ করি। একজন অভিনেতার কাজই তো নিজেকে চ্যালেঞ্জ করা, পরীক্ষা-নিরীক্ষা করা, আর সেই সুযোগটা পাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমি খুব কৃতজ্ঞ, এখন ইন্ডাস্ট্রি আমাকে সেই সুযোগ দিচ্ছে। সবচেয়ে কঠিন ছিল ‘গুড গার্ল’ বা ‘রিলেটেবল গার্ল’ ইমেজ থেকে বেরিয়ে আসা, তাই অনেক কাজ আমি ইচ্ছা করে ছেড়েছি। আমি অপেক্ষা করেছি শুধু পরের চিত্রনাট্যের জন্য নয়, সঠিক চিত্রনাট্যের জন্য।
কোনও চরিত্রের জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি কীভাবে নেন?
আমার মনে হয়, অভিনয় একটা শারীরিক এবং মানসিক নিয়মানুবর্তিতা, তাই নিজের ‘অভিনয়ের পেশি’ শক্ত করতে ও আত্মবিশ্বাস বাড়াতে ওয়ার্কশপে যাওয়া খুব জরুরি। নতুন কোনও প্রজেক্ট পেলে আমি স্ক্রিপ্ট বারবার পড়ি, কারণ প্রতিবারই নতুন একটা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। তবে আমি খুব বেশি রিহার্সাল করি না। শুধু সংলাপ প্রস্তুত করে যাই, বাকিটা সেটের জন্য রেখে দিই। এতে নতুন কিছু গ্রহণ করার জায়গাটা খোলা থাকে।
এই সিরিজে ডেটিং নিয়ে নানা কথা বলা হয়েছে। আপনার স্বামীর সঙ্গে প্রথম ডেটিং কেমন ছিল?
আমাদের প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর জন্মদিনের পার্টিতে। তবে সেটা ঠিক ডেট ছিল না, কিন্তু সেখান থেকেই শুরু। প্রথম ডেটে আমরা মিউজিক আর খাবার নিয়ে দারুণ আড্ডা দিয়েছিলাম (হাসি)।
দেবারতি ভট্টাচার্য • মুম্বই