Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বুকিং ফুল, বড়দিনে পর্যটকের ঢল নামতে চলেছে অযোধ্যা পাহাড়ে

ইতিমধ্যেই বড়দিনের বুকিং ফুল হয়ে গিয়েছে। মুখে হাসি ফুটেছে অযোধ্যা পাহাড়ের হোটেল, লজ ও রিসর্ট মালিক সহ পর্যটন ব্যবসায় যুক্তদের।

বুকিং ফুল, বড়দিনে পর্যটকের ঢল নামতে চলেছে অযোধ্যা পাহাড়ে
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: ইতিমধ্যেই বড়দিনের বুকিং ফুল হয়ে গিয়েছে। মুখে হাসি ফুটেছে অযোধ্যা পাহাড়ের হোটেল, লজ ও রিসর্ট মালিক সহ পর্যটন ব্যবসায় যুক্তদের। তাঁদের মতে, বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত পাহাড়ে পর্যটকের যে ঢল নামতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত। অনেক জনপ্রিয় পর্যটনকেন্দ্রকেও পিছনে ফেলবে অযোধ্যা। বাঘমুণ্ডি হোটেল, লজ অ্যান্ড রিসর্ট মালিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত কুমার বলেন, আগে কখনও এমন বুকিং আমরা দেখিনি। ডিসেম্বরের ২৫ তারিখের আগে থেকেই বছর শেষ পর্যন্ত প্রায় সব হোটেল, রিসর্ট ও হোম-স্টে ফুল হয়ে গিয়েছে। এবার অযোধ্যা পাহাড় দীঘা ও দার্জিলিংকেও টক্কর দেবে বলে মনে হচ্ছে।

Advertisement

যদিও তাঁদের একমাত্র উদ্বেগ, বন্ধ থাকা কয়েকটি ট্রেন। পুনরায় চালু না হওয়ায় অনেক পর্যটক সহজে পৌঁছতে পারছেন না। যদি রেল পরিষেবা স্বাভাবিক হয়, তাহলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা স্থানীয়দের। একই মত রিসর্ট ব্যবসায়ী দয়ালচন্দ্র মাহাতর। তিনি বলেন, ট্রেনের সমস্যাটা না থাকলে পর্যটকদের ভিড় আরও বেশি হবে। তবে, অনেকেই এখন গাড়ি ভাড়া করেও চলে আসছেন। 
অযোধ্যা সুন্দরী পর্যটন কেন্দ্রের অন্যতম সদস্য তপন মাহাত বলেন, ডিসেম্বরের শেষের দিকে বাসে করে আসা পর্যটকের সংখ্যা বাড়বে। যাঁরা বাসে করে আসবেন, তাঁদের অনেকেই ইতিমধ্যেই যোগাযোগ করে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। কলকাতা থেকে আসা পর্যটক সুনীল দাস বলেন, অনেক আগে চেষ্টা করেও রুম পাইনি। বুকিং ফুল থাকায় আমরা পরিকল্পনার আগেই চলে এসেছি। সব মিলিয়ে বড়দিনকে কেন্দ্র করে অযোধ্যা পাহাড়ে পর্যটনের উত্তাপ তুঙ্গে। আর সেই ব্যস্ততাকে ঘিরে নতুন আশার আলো দেখছেন বাঘমুণ্ডির পর্যটন ব্যবসায়ীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ