রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক! যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ‘আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হবে। বিচারক ও জনসাধারণকে সরিয়ে নাও।’ এমন হুমকি ইমেইল ঘিরে মঙ্গলবার আতঙ্ক ছড়াল কলকাতা-সহ রাজ্যের একাধিক আদালতে। যার জেরে ব্যাহত হয়েছে শুনানি প্রক্রিয়া। যদিও এখনও পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, প্রতিটি ইমেইলের প্যাটার্ন এক। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হুমকি ইমেইলগুলি কে বা কারা পাঠিয়েছে, খোঁজ শুরু হয়েছে।

Advertisement

এদিন কলকাতার বিচার ভবন, ব্যাঙ্কশাল এবং কলকাতা নগর দায়রা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, আসানসোল আদালত, বহরমপুর আদালত এবং চুঁচুড়া আদালতে বোমাতঙ্ক সৃষ্টি হয়।  চুঁচুড়া আদালতে পাঠানো হুমকি মেইলে লেখা ছিল, ‘আদালত ও বিচারক কক্ষে ১৫টি আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হবে।’ সময় দেওয়া হয়েছিল দুপুর একটা।

এদিকে আইনজীবী সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর আদালত ভবনে এক জেলা বিচারকের মোবাইল ফোনে হুমকি বার্তা আসে। সেখানে লেখা ছিল, ‘আদালত ভবনে বোম রাখা রয়েছে।’ একথা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজ বন্ধ করে আদালত ছেড়ে বেরিয়ে যান বিচারক এবং আইনজীবীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি।