নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের তাজা বোমা উদ্ধার দেগঙ্গায়। বুধবার ভোরে গোবর্ধনপুরে আইএসএফ নেতা হাবিবুল রহমানের বাড়ির গেটের সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। হাবিবুল দেগঙ্গা ব্লকে আইএসএফের সম্পাদক পদে আছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা হাবিবুলের বাড়ির মূল গেটের সামনে সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে গেটের মুখ থেকে বোমা উদ্ধার করে। উল্লেখ্য, গত রবিবার একই এলাকার আইএসএফ কর্মী হাফিজুর রহমানের বাড়ির গেটের সামনে থেকেও সাতটি তাজা বোমা উদ্ধার হয়েছিল। পরপর দু’টি ঘটনায় উদ্বেগে বাসিন্দারা। হাবিবুল রহমান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই আমার বাড়ির সামনে বোমা রাখা হয়েছে। ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা মিজানুর হাসান বলেন, আইএসএফ প্রচারের আলোয় আসতে নিজেরাই বাড়ির সামনে বোমা রেখে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। নিজস্ব চিত্র



