প্রসব যন্ত্রণা নিয়ে ছটফট করলেও প্রসূতির দিকে ফিরে তাকায়নি চিকিৎসক ও নার্সরা। দীর্ঘক্ষণ তাঁকে ওই অবস্থায় ফেলে রাখার অভিযোগ। যার ফলে মৃত সন্তান প্রসব করেন প্রসূতি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার ও গাফিলতির কারণে গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন বীরভূমের ইলামবাজার থেকে আগত রোগীর পরিবারের সদস্যরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিস। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পুলিস। এই ঘটনায় রোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কর্তব্যে গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিসের এক আধিকারিক জানিয়েছেন।



