Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি, দলের নির্দেশ মতো ক্ষমা চাইলেন অনুব্রত

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ উঠেছে

বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি, দলের নির্দেশ মতো ক্ষমা চাইলেন অনুব্রত
  • ৩০ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

সংবাদদাতা বোলপুর: বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় আইসির অভিযোগের ভিত্তিতে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। বীরভূমের পুলিস সুপার আমনদীপ সিং বলেন এক ‘স্থানীয় নেতার’ বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিস সুপার সরাসরি অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করেননি, তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি অনুব্রত মণ্ডলই। পাশাপাশি তাঁকে চার ঘণ্টার মধ্যে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আর তারপরেই চিঠি লিখে ক্ষমা চেয়ে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত।

Advertisement

যদিও এই ঘটনার গুরুত্ব বুঝে আজ, শুক্রবার বোলপুরে আসেন জেলা পুলিস সুপার আমনদীপ সিং। বোলপুরের এসডিপিও অফিসে দীর্ঘক্ষণ বৈঠক করার পর বোলপুর থানায় সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘আমাদের বোলপুর থানার আইসি লিটন হালদার অভিযোগ করেছেন, দু’দিন আগে তাঁকে ফোন করে কোনও স্থানীয় নেতা অশ্রাব্য ভাষায় (মৌখিক নিগ্রহ) কথা বলেছে। এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট এফআইআর করেছি। এই ঘটনায় যতটা পারা যায়, আমরা কড়া আইনি ব্যবস্থা নেব। আইন অনুযায়ী যা যা করণীয় করা হবে। মামলা শুরু করা হয়েছে।’ আইসির মোবাইল থেকে কীভাবে কল রেকর্ড বাইরে ছড়াল? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গোটা ঘটনা তদন্ত করে দেখছি।’ গোটা ঘটনায় সামাজিক মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়েছে, যদিও এর সত্যতা বর্তমান পত্রিকা যাচাই করেনি। তবে, উর্দিধারী পুলিস অফিসারকে একজন নেতা কীভাবে এমন গালিগালাজ করতে পারেন, তা নিয়ে তীব্র সমালোচনা চলছে। সেই অডিও এদিন সকালে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে অনুব্রতর বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, অনুব্রত মণ্ডল একজন পুলিস কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য-অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি। দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে।

এর আগে অনুব্রত মণ্ডলের বিভিন্ন মন্তব্য বিতর্ক সৃষ্টি করলেও, দল কখনও তাঁর বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেয়নি। এটি দলের পক্ষ থেকে একটি নজিরবিহীন কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও আইসির বিরুদ্ধে অনুব্রত অভিযোগ, ‘আইসি যাকে তাকে মেসেজ করে ৭০-৮০ হাজার টাকা চাইছে। এফআইআর করতে গেলে বলছে ৫ হাজার টাকা নিয়ে আসতে। আমি দু’মাস আগেই এসপিকে জানিয়েছি। অরাজকতা চলছে বোলপুরে। আমি এই আইসির বিরুদ্ধে সবাইকে জানিয়েছি। ওর জন্য বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।’ দল তাঁকে ক্ষমা চাইতে বলায় অনুব্রত সেই নির্দেশ পালন করে বুঝিয়ে দিয়েছেন তিনি অনুগত সৈনিক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ