Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে হোটেলের ঘর থেকে তরুণের মৃতদেহ উদ্ধার, ভাঙচুরের পর অগ্নিসংযোগ

শনিবার সকালে মাদারিহাটে এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা একটি হোটেলে প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়।

মাদারিহাটে হোটেলের ঘর থেকে তরুণের মৃতদেহ উদ্ধার, ভাঙচুরের পর অগ্নিসংযোগ
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: শনিবার সকালে মাদারিহাটে এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা একটি হোটেলে প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর চালানো হয় দু’টি গাড়িতেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম সুখেশ ওরাওঁ (১৯)। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের দলদলি এলাকায়। দলদলিতে ওই হোটেলটি ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কের ধারে।

Advertisement

এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাদারিহাট, বীরপাড়া, হাসিমারা ও জয়গাঁ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট হোটেল মালিক সইদুল মিয়াঁ গা ঢাকা দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাদারিহাটের গোপালপুর চা বাগানের চাপরাশি লাইনের বাসিন্দা সুখেশ অনেক দিন থেকে হোটেলটিতে কাজ করতেন। তিনি গত তিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন আত্মীস্বজনদের বাড়ি ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিশ পায়নি। শনিবার সকালে পরিবারের লোকজনের কাছে খবর আসে ওই হোটেলেরই একটি পাশের ঘর থেকে সুখেশের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।
তারপরেই উত্তেজিত জনতা হোটেলটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই তরুণের মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে বিজেপির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক মিঠুন ওরাওঁ একাধিক প্রশ্ন তোলেন। যদিও এলাকার বিধায়ক জয়প্রকাশ টোপ্পো বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশি তদন্তেই সবটা উঠে আসবে। মাদারিহাট থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। • তরুণের দেহ উদ্ধারের পর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হোটেলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ