সংবাদদাতা, ঘাটাল: নালার ভিতর থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে দাসপুর থানার এলাকার রাজনগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই মৃত যুবকের পরিচয় জানতে পারে পুলিশ। নাম স্বরূপ দলুই (২৩)। হরিশপুরে বাড়ি। তদন্তে নেমেই বুধবার রাতে ওই যুবকের এক বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বিজয় ধাড়া। হুগলি জেলার রামচন্দ্রপুরে বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপ এবং বিজয় পরস্পরের বন্ধু। দু’জনেই সোনার কাজ করতেন এবং সেই সূত্র ধরেই দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব। গত বুধবার সকালে ঘাটাল-মেদিনীপুর সড়ক থেকে কিছুটা দূরে রাজনগরের একটি নালার মধ্যে স্বরূপের দেহটি উদ্ধার হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। যুবকের মাথায় গুরুতর চোট ছিল, কান দিয়ে রক্ত বেরনোর দাগ স্পষ্ট, কানের লতি ছেঁড়া এবং পিঠেও আঘাতের প্রমাণ মিলেছে। থুতনির নীচেও গভীর ক্ষত লক্ষ্য করা গিয়েছিল। দেহ উদ্ধারের পরের দিন বৃহস্পতিবার মেদিনীপুর থেকে মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত ২৭ অক্টোবর রাতে বাইকে চেপে বন্ধু বিজয়ের সঙ্গেই দাসপুর থানার রাজনগরে এসেছিলেন স্বরূপ। পুলিশের জেরার মুখে পড়ে বিজয় দাবি করেছেন, তাঁর প্রেমিকার জন্মদিন উপলক্ষ্যে ওইদিন রাতে বন্ধুকে নিয়ে তিনি রাজনগরে এসেছিলেন। বিজয়ের বয়ান অনুযায়ী, রাত সাড়ে ৯টা নাগাদ রাজনগর পুরাতন বাজার পেরিয়ে আশ্রমের দিকে যাওয়ার সময় পিছন থেকে দু’টি বাইকে আসা কয়েকজন যুবক স্বরূপের নাম ধরে ডাকেন। স্বরূপ কথা বলতে শুরু করেন। বিজয়ের দাবি, ওই চার-পাঁচজন যুবক স্বরূপের পূর্বপরিচিত ছিল। এরপর স্বরূপ তাঁকে বাড়ি ফিরে যেতে বললে তিনি একাই ফিরে আসেন।কিন্তু তারপর স্বরূপের সঙ্গে রাতে কী ঘটেছিল? কারা ছিলেন সেই বাইকে? তদন্ত করছে পুলিশ।



