সংবাদদাতা, কাঁথি: রবিবার মন্দারমণিতে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শুকদেব বিশ্বাস (৩২)। তিনি উত্তর ২৪ পরগনায় নিউ বারাকপুরের পশ্চিম মাসুন্দা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা। এদিন সকালে মন্দারমণির ৩ নম্বর ঘাটের কাছে সমুদ্রের পাড়ে বোল্ডারের উপর হাফপ্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরা এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সমুদ্রে তলিয়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর জানায় পুলিস।
পুলিস জানিয়েছে, পেশায় কলমিস্ত্রি শুকদেব শনিবার কয়েকজন বন্ধুর সঙ্গে তাজপুরে বেড়াতে এসেছিলেন। তাঁরা তাজপুর লাইটহাউস সংলগ্ন একটি হোটেলে ছিলেন তাঁরা। ওইদিন বিকেলের পর শুকদেবকে হোটেলের রুমে দেখতে পাননি বন্ধুরা। তাঁর ফোনটিও ঘরে ছিল। তাঁরা প্রথমে ভেবেছিলেন, আশপাশে হয়তো কোথাও ঘুরতে গিয়েছেন। কিন্তু, সন্ধ্যা পর্যন্ত শুকদেব না ফিরে আসায় তাঁদের চিন্তা বাড়ে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ মেলেনি। রাতের দিকে ঘটনাটি থানায় জানান তাঁরা। এরপর অনেক রাত পর্যন্ত ওই যুবকের খোঁজখবর করে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, সম্ভবত বন্ধুদের না জানিয়ে ওই যুবক একাই সমুদ্রে স্নান করতে নামেন। তারপর উত্তাল ঢেউয়ে তলিয়ে যান তিনি। তারপর দেহটি ভেসে মন্দারমণির দিকে চলে আসে।
এদিন দেহ উদ্ধারের পর ওই যুবকের বাড়িতে পুলিস খবর পাঠায়। পরিবারের লোকজন মন্দারমণি রওনা দিয়েছেন। বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। থানার ওসি অর্কদীপ হালদার বলেন, ‘সমুদ্রে স্নানে নেমে তলিয়ে গিয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিসের অনুমান। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণটি পরিষ্কার হবে।’
এদিকে, নিউ বারাকপুরে শুকদেবের পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দিদি নিরুপমা পাল বলেন, ‘ভাই তাজপুর বেড়াতে যাওয়ার আগে ভাগ্নেদের সঙ্গে দেখা করতে এসেছিল।