অবশেষে ৩৬ ঘণ্টা পর উদ্ধার হল নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ। আজ, শুক্রবার সকালে গঙ্গাসাগরের চণ্ডীপুর ও মধ্যপাড়া সমুদ্র সৈকত থেকে দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিস দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। প্রসঙ্গত, বুধবার মাছ ধরে ফিরে আসার সময়ে সমুদ্রে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই মৎস্যজীবী। নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম সীতারাম মণ্ডল (৪০) ও দেবব্রত জানা (৪৫)। দু’জনেরই বাড়ি সাগর থানার রাধাকৃষ্ণপুর এলাকায়। বুধবার গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে সাত জন মৎস্যজীবী ভুটভুটি নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। সেই ভুটভুটিতেই ছিলেন সীতারাম ও দেবব্রত।



