ঢাকা: উন্মত্ত জনতার তাণ্ডব থামার কোনও লক্ষণ নেই পদ্মাপারে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। এবার চট্টগ্রামের লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বিএনপি নেতার শিশুকন্যা আয়েশা আক্তার। গুরুতর দগ্ধ হয়েছে ওই বিএনপি নেতা সহ তাঁর অন্য দুই কিশোরী কন্যা। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘পরিকল্পিতভাবে ওই ঘরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বেলাল হোসেন। শুক্রবার রাতে তিনি বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। সেই সময় দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। মুহূর্তে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থাতেই সাত বছরের আয়েশা মারা যায়। বেলাল ও তাঁর অন্য দুই মেয়ে বীথি ও স্মৃতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভরতি করা হয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান দাবি করেছেন, পরিকল্পনা করে হামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি। দমকল আধিকারিক রণজিৎ কুমার দাস বলেন, নিহত শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।