Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বানজারা গ্যাংয়ের দাপট, ঘরে ঢুকে হাতসাফাই খুদে সদস্যদের, তেহট্টে চুরি করতে গিয়ে ধরা পড়ল নাবালিকা সহ ৩ বানজারা

বানজারা গ্যাংয়ের দাপট, ঘরে ঢুকে হাতসাফাই খুদে সদস্যদের, তেহট্টে চুরি করতে গিয়ে ধরা পড়ল নাবালিকা সহ ৩ বানজারা
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: তেহট্টজুড়ে বানজারা গ্যাংয়ের দাপট বাড়ছে। এলাকার বিভিন্ন জায়গায় ঘরে ঢুকে আলমারি ভেঙে হাতসাফাই করছে এই গ্যাংয়ের সদস্যরা। এমনকী, নাবালিকাদেরও এই কাজে লাগাচ্ছে বানজারা দলের মহিলারা। বুধবার বাসের ভিতর ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এক নাবালিকা সহ তিন বানজারা। পুলিস জানিয়েছে, ধৃত দু’জনের নাম পূজা দেকদামা, অর্চনা দেকদামা। তাদের সঙ্গে ছিল আট বছরের এক নাবালিকা। গত কয়েকদিনে এক নাবালিকা সহ সাতজন বানজারাকে গ্রেপ্তার করল তেহট্ট থানার পুলিস। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্ট থানা এলাকার বিভিন্ন গ্রামে দিনে-রাতে চুরির ঘটনা বেড়েছে। এরমধ্যে মালিয়াপোতা গ্রামের বাসিন্দা পলি বিশ্বাসের বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দুই বানজারা। একইভাবে পুটিমারি গ্রামে জোসেফ বিশ্বাসের বাড়িতে চুরি করতে গিয়ে দুই বানজারা হাতেনাতে ধরা পড়ে। দু’টি ঘটনায় পুলিস তাদের গ্রেপ্তার করে। পুলিস আগেই এলাকায় বিভিন্ন চুরির ঘটনার পিছনে বানজারাদের যুক্ত থাকার ব্যাপারে অনুমান করেছিল। এই চুরি বন্ধ করার জন্য পুলিস দিনে ও রাতে নজরদারি বাড়িয়েছিল। তা সত্ত্বেও বানজারা গ্যাং চুরি থামাচ্ছে না। তারা এতদিন বাড়িতে ঢুকেই চুরি করেছিল। পুলিসের নজরদারি বাড়ায় এখন বাড়িতে নয়, সরাসরি যাত্রীবাহী বাসে উঠে হাত সাফাই শুরু করেছে তারা। সেইরকম একটা দলের এক নাবালিকা সহ তিনজন বুধবার পুলিসের হাতে ধরা পড়ে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মালিয়াপোতা থেকে রিজিয়া খান নামে এক মহিলা তেহট্টের হাউলিয়ার একটি সমিতিতে জমা দেওয়ার জন্য ৫০হাজার টাকা ব্যাগে করে আনছিলেন। অভিযোগ, সেই বাসেই উঠেছিল বানাজারাদের দল। একজন পাঁচ হাজার টাকার বান্ডিল ব্যাগ থেকে চুরি করে। এরপর ফের হাতসাফাই করার জন্য ব্যাগে হাত ঢোকাতেই হাত চেপে ধরেন ওই মহিলা। তেহট্ট থানার ইসলামপুরের কাছে বাসের ভিতর এই ঘটনা ঘটে। বাস থেকেই থানায় খবর দেওয়া হয়। বাসটি হাউলিয়া পার্ক মোড়ে আসতেই বাকি যাত্রীদের সাহায্যে এক নাবালিকা সহ তিনজন বানাজারাকে বাস থেকে নামিয়ে থানায় আনা হয়। এরপর রিজিয়া ওই তিনজনের বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস  তাদের গ্রেপ্তার করেছে। 
তেহট্টের মহকুমা পুলিস আধিকারিক শুভতোষ সরকার বলেন, আমরা বানজারাদের বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছি। এলাকায় বানজারাদের কোনও দুষ্কর্মে জড়িত থাকতে দেখলে পুলিস খবর দেওয়ার কথা বলা হচ্ছে। ধৃতদের জেরা করে তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ