Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

শ্রমিক-কর্মচারী ইস্যুতে সরব বিএমএস

আগামী বছরই উত্তরপ্রদেশ, গুজরাত সহ দেশের একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। তার আগে তীব্র অস্বস্তিতে পড়ে গেল নরেন্দ্র মোদি সরকার।

শ্রমিক-কর্মচারী ইস্যুতে সরব বিএমএস
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছরই উত্তরপ্রদেশ, গুজরাত সহ দেশের একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। তার আগে তীব্র অস্বস্তিতে পড়ে গেল নরেন্দ্র মোদি সরকার। কারণ শ্রমিক-কর্মচারী ইস্যুতে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই আন্দোলন শুরু করল সংঘের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। এমনকি দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন। ইপিএফ, ইএসআইয়ের মাস বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি থেকে ইপিএফ পেনশনের পরিমাণ বাড়ানো। অথবা দেশের স্কিম ওয়ার্কারদের মজুরি বৃদ্ধি। এমন অন্তত ১২ দফা দাবিতে সোমবারই মোদি সরকারের বিরোধিতায় সারা দেশে বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় মজদুর সংঘ। দিল্লির যন্তরমন্তরে তীব্র কেন্দ্র বিরোধিতায় শামিল হয়েছে বিএমএস। 

Advertisement

সংঘ পরিবারের ওই শ্রমিক সংগঠনের দাবি, কর্মী পিএফের (ইপিএফ) মাস বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার থেকে বৃদ্ধি করে অন্তত ৩০ হাজার টাকা করতে হবে। একইভাবে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি ইএসআইসির মাস বেতনের ঊর্ধ্বসীমা ২১ হাজার থেকে বাড়িয়ে ৪২ হাজার টাকা করতে হবে। এরই পাশাপাশি ইপিএফ ন্যূনতম পেনশনের পরিমাণও মাসে এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে কমপক্ষে সাড়ে সাত হাজার টাকা করার দাবি জানিয়েছে বিএমএস। ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সম কাজে সম বেতন চালু করতে হবে। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪০ লক্ষ করার দাবি জানানো হয়েছে। ন্যূনতম মজুরির সর্বভারতীয় পরিমাণ মাসে ৩০ হাজার টাকা চূড়ান্ত করার দাবিও জানিয়েছে বিএমএস।

Advertisement
সম্পর্কিত সংবাদ