নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় পার্ক সার্কাসে এক শপিং মলের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন কলকাতা পুলিসের এক ট্রাফিক সার্জেন্ট। আহতের নাম প্রকাশ ঘোষ। বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডে কর্মরত তিনি। রবিবার রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় অজানা গাড়ির বিরুদ্ধে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সার্জেন্ট। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Advertisement
সার্জেন্ট প্রকাশ ঘোষ গরফা থানা এলাকার বাসিন্দা। রাতে ডিউটি শেষ করে নিজের সার্ভিস বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্ক সার্কাসে ওই শপিং মলের সামনে সার্জেন্টকে পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। পার্ক সার্কাসের দিক থেকে আসছিল ওই গাড়িটি। স্থানীয় সূত্রের দাবি, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সার্জেন্টকে ধাক্কা মারার পর সেটি গতি আরও বাড়িয়ে চম্পট দেয়। বাইক থেকে ছিটকে পড়েন সার্জেন্ট। পথচলতি মানুষই উদ্ধার করেন ওই সার্জেন্টকে। তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস সূত্রে খবর, প্রকাশবাবুর বাঁ পায়ের পাতার হাড় ভেঙেছে। এছাড়াও তাঁর কাঁধ, পিঠ ও হাঁটুতে গুরুতর চোট রয়েছে। তাঁর উর্দি ছিঁড়ে যায়।
লালবাজার সূত্রের দাবি, সোমবার সকালে কড়েয়া থানায় লিখিত অভিযোগ করেন ওই সার্জেন্ট। প্রত্যক্ষদর্শীরা বলেন, গাড়িটি বিলাসবহুল ছিল। সেই সময়ে কোন কোন গাড়ি ওই রাস্তা দিয়ে গিয়েছে, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই বিলাসবহুল গাড়িকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে ঠিক যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেই জায়গায় কোনও সিসি ক্যামেরা ছিল না। তাই প্রাথমিকভাবে কিছুটা সমস্যায় পড়েছেন তদন্তকারীরা।