Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৈধ ভোটারদের নাম বাদ পড়ায় হেনস্তা হতে হচ্ছে, অবরোধ বিএলওদের

সোমবার ভোটের প্রশিক্ষণ চলাকালীন বিএলও-রা বিক্ষোভ দেখালেন। এমনকী তাঁরা বসিরহাটের খোলাপোতার রাস্তা অবরোধও করেন

বৈধ ভোটারদের নাম বাদ পড়ায় হেনস্তা হতে হচ্ছে, অবরোধ বিএলওদের
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বসিরহাট: সোমবার ভোটের প্রশিক্ষণ চলাকালীন বিএলও-রা বিক্ষোভ দেখালেন। এমনকী তাঁরা বসিরহাটের খোলাপোতার রাস্তা অবরোধও করেন। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। এদিন ভোটের প্রশিক্ষণ চলছিল খোলাপোতার একটি হাইস্কুলে। সেখানেই বসিরহাট দু নম্বর ব্লকের বিডিও এবং এআরওকে ঘিরে বিক্ষোভ দেখায় প্রশিক্ষণে আসা বিএলওদের একাংশ। তাঁদের দাবি, এলাকার অনেক বাসিন্দাই সঠিকভাবে তাঁদের নাগরিকত্বের পরিচয়পত্র দেখিয়ে ফর্ম জমা দিয়েছিলেন। তারপরেও কী করে এমন অনেক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ  যায়?

Advertisement

তাঁরা দাবি করেন, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা এলাকায় আমাদের নানাভাবে হেনস্তা করছেন। অবিলম্বে বাদ যাওয়া সব বৈধ ভোটারের পরিচয়পত্র ফের তদন্ত করে দেখে তাদের নাম তালিকায় তোলা হোক। কিন্তু এই বিষয়ে বিডিও কোনো আশ্বাস দিতে পারেননি। তখন ওই বিএলওরা ট্রেনিং সেন্টার ছেড়ে খোলাপোতার রাস্তা অবরোধ শুরু করেন। এর খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়।
এই বিষয়ে বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। এর ফলে এলাকায় ব্যাপক ক্ষোভের মুখে পড়ছেন বিএলওরা। সেজন্যই তারা আতঙ্কিত হয়ে এই ধরনের বিক্ষোভের পথ বেছে নিচ্ছেন। আমরা চাই, দ্রুত বৈধ ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকায় তোলা হোক।

সম্পর্কিত সংবাদ