নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দুই রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদের অনুমোদন এবং অংশগ্রহণ ছাড়া রক্ত পাঠানো এবং গ্রহণ বেআইনি। তদন্ত করে প্রমাণসহ বিষয়টি হাতেনাতে ধরে আপনারা আমাদেরও চোখ খুলে দিয়েছেন।’ মঙ্গলবার ৭৩টি প্রাইভেট ব্লাড ব্যাংকের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদের পদস্থ কর্তারা। তাঁরা এই ভাষাতেই রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করলেন।
এদিন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় প্রাইভেট ব্লাড ব্যাংকগুলির উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে আমার শত্রুতা নেই। কিন্তু ড্রাগ অ্যান্ড কসমেটিকস আইন মেনে চলতে হবে।’ এদিন বাইরে রক্তদান শিবির করায় নিষেধাজ্ঞা জারি হওয়া ১২টি ব্লাড ব্যাংক তথা ব্লাড সেন্টারের মধ্যে রানিগঞ্জ এবং বর্ধমানের একটি করে প্রাইভেট ব্লাড ব্যাংকের উপর থেকে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে তারা আপাতত মাসে ৫০০ ইউনিটের বেশি রক্ত সংগ্রহ করতে পারবে না বলেও জানানো হয়েছে। এদিন চূড়ান্ত নীতি নির্ধারণে যুক্ত ব্যক্তিরা (কর্ণধার বা সমতুল্য) ছাড়া বৈঠকে আসা অন্যান্য টেকনিক্যাল আধিকারিকদের ভর্ৎসনার সুরে মন্ত্রী বলেন, ‘বৈঠক করা হয়েছে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনারা কেন এসেছেন?’ শীঘ্রই শিবির বন্ধের নির্দেশ জারি থাকা ১০টির মধ্যে ছ’টি ব্লাড ব্যাংকে পুনরায় পরিদর্শন হতে পারে বলে জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে।