সংবাদদাতা, উলুবেড়িয়া: কালীপুজোর মেলায় বেলুনে গ্যাস ভরার সময়ে সিলিন্ডার ফেটে মৃত্যু হয় এক মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়, উদয়নারায়ণপুরের পেঁড়ো থানার হরিশপুর কালীতলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বৈশাখী বাগ (৩২)। বাড়ি পেঁড়ো থানা এলাকাতেই। এই দুর্ঘটনায় বেলুন বিক্রেতা সহ তিনজন আহত হয়েছেন। তার মধ্যে বেলুন বিক্রেতার অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
এদিন হরিশপুর কালীতলায় মায়ের বাৎসরিক পুজো ছিল। এজন্য মেলাও বসেছিল। মেলায় পেঁড়ো থানা এলাকার বাসিন্দা নেপাল দোলুই গ্যাস বেলুন বিক্রি করতে এসেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আচমকা বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। দুর্ঘটনায় নেপাল সহ তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত দেড় বছরের এক শিশু সহ এক মহিলাকে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহত বৈশাখী বাগ এবং নেপাল দোলুইকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বৈশাখীকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, নেপালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
ঘটনা সর্ম্পকে হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল জানান, বেলুনে গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডার ফেটে বৈশাখী বাগ নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়াও তিনজন আহত হয়েছেন। তার মধ্যে দু’জনের আঘাত সামান্য।