Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশি মৎস্যজীবীদের ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু!

বাংলাদেশি মৎস্যজীবীদের ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু!
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: ডায়মন্ডহারবার উপ সংশোধনাগার থেকে ছাড়া পেলেন ১২ জন বাংলাদেশি মৎস্যজীবী। মঙ্গলবার সকালে কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী ও থানার আইসি সঞ্জয় বিশ্বাসের উপস্থিতিতে ১২ জনকে কাকদ্বীপ ব্লক প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাঁদের কাকদ্বীপের অক্ষয়নগরের ফ্লাড শেল্টারে নিয়ে আসা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারতে আটক থাকা বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই তাঁদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে। কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা বলেন। 
Advertisement
সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘সমুদ্রে মাছ ধরার সময় বাংলাদেশের একটি ট্রলার ডুবে গিয়েছিল। সেই ট্রলারে ১২ জন মৎস্যজীবী ছিলেন। তাঁরা সমুদ্রে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমানায় ঢুকে পড়েছিলেন। ভারতীয় মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করেছেন। পরে তাদের আটক করা হয়।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এছাড়াও দুটি বড় ট্রলার ভারতীয় জল সীমানায় ঢুকে পড়েছিল। আটক হওয়া এই দুটি ট্রলারে প্রায় ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন। তাঁরাও ভারতে আটকে রয়েছেন। রয়েছেন ওড়িশায়। এছাড়া বাংলাদেশে আটকে রয়েছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী, তাঁদেরও ফেরানোর চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ