Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

বাংলা নাটক ও লেবেদেফ

বাংলা নাটক ও লেবেদেফ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
প্রথম ইংরেজি নাটকের বাংলা অনুবাদ থেকে থিয়েটার প্রতিষ্ঠা। আবার সেই থিয়েটারেই ভারতীয় তথা বাঙালিদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা। ব্রিটিশ যুগে এহেন অসাধ্য সাধনের কারিগর কিন্তু কোনও বাঙালি বা ভারতীয় নন। একজন রুশ। নাম গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ। 
Advertisement
প্রথম বাংলা নাটক বা থিয়েটারের কথা বললে অবধারিতভাবেই উঠে আসবে লেবেদেফের প্রসঙ্গ। জন্ম ১৭৪৯ সালে, ইউক্রেনে। ছোট থেকেই সঙ্গীতে ঝোঁক ছিল তাঁর। পরে দক্ষ বেহালাবাদক হয়ে ওঠা লেবেদেফ কলকাতায় পা রাখেন ১৭৮৭ সালে। প্রথমদিকে অবশ্য নাটক-থিয়েটার নয়, বেহালা বাজানোর অনুষ্ঠানই করতেন তিনি। এমনই এক আসরে লেবেদেফের সঙ্গে আলাপ হয় জনৈক গোলকনাথ দাসের। ঠিক হয়, গোলকনাথের কাছে বাংলা শিখবেন লেবেদেফ। বদলে গোলকনাথ শিখবেন সঙ্গীত। বাংলার প্রতি এই অমোঘ আকর্ষণই লেবেদেফকে পরবর্তীতে নাটক লেখায় উদ্বুদ্ধ করে। তিনিই প্রথম ব্যক্তি যিনি ইংরেজি নাটকের বাংলা অনুবাদ করে বাঙালি অভিনেতাদের দিয়ে তা মঞ্চস্থ করেছিলেন। ২৫ নম্বর ডোমতলা লেনের (বর্তমানে ৩৭-৩৯ নম্বর এজরা স্ট্রিট) ভাড়াবাড়িতে একা হাতে গড়ে তোলেন ‘দ্য বেঙ্গলি থিয়েটার’। বাঙালি সমাজে খবরটা ছড়িয়ে পড়ে ঝড়ের বেগে। ১৭৯৫ সালের ২৭ নভেম্বর লেবেদেফ ক্যালকাটা গেজেটে বিজ্ঞাপন দিলেন— ইংরেজি কমেডি নাটক ‘দ্য ডিসগাইজ’-এর বাংলা অনুবাদ ‘কাল্পনিক সংবদল’ অভিনীত হবে দ্য বেঙ্গলি থিয়েটারে। ১০ জন অভিনেতা-অভিনেত্রীর সকলেই বাঙালি। মূল ইংরেজি নাটকটির ঘটনাস্থল স্পেন, মাদ্রিদ ও সেভিল শহর হলেও লেবেদেফ বাঙালি দর্শকদের কথা ভেবে সব বদলে দিলেন। নাটকে কলকাতা ও লখনউ শহরের নাম ব্যবহার করলেন। চরিত্রদেরও  দেশীয় নাম দিলেন। শোনা যায়, লেবেদেফের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভয় পেয়ে যায় ইংরেজরা। হঠাৎ একদিন তাঁর ‘সন্তানসম’ থিয়েটারে আগুন লাগে। ছাই হয়ে যায় সবকিছু! লেবেদেফ ষড়যন্ত্রের অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হলেও লাভ হয়নি। শেষে নিলামে বিক্রি করে দেশে ফিরে যান লেবেদেফ। সেখানেও অবশ্য তাঁর বাংলা-চর্চা থামেনি। রাশিয়ার বাড়িতেই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের অংশবিশেষ রুশ ভাষায় অনুবাদ করেছিলেন তিনি।
সম্পর্কিত সংবাদ