সংবাদদাতা, বিষ্ণুপুর: রবিবার ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপের বাঁকুড়া জেলার প্রতিযোগিতা শেষ হল। শুক্রবার বিষ্ণুপুর স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রূপকুমার বর্মন। রবিবার রামানন্দ কলেজের মাঠে পুরস্কার বিলির অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ই, বিষ্ণুপুরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় তমালকুমার মণ্ডল প্রমুখ। অধ্যক্ষা বলেন, এবার আমাদের কলেজের উপর ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনদিন ধরে তা চলে। তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, অ্যাথেলেটিক্স প্রতিযোগিতায় বাঁকুড়া জেলার ১৩টি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়াও ফুটবলে ১৫টি কলেজ এবং খোখোতে আটটি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ফুটবলে বিজয়ী হয় বাঁকুড়া সম্মিলনী কলেজ এবং খোখোতে বিজয়ী হয় ইন্দাস মহাবিদ্যালয়। - নিজস্ব চিত্র



