Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া নিয়ে বিবাদের জেরেই সিঙ্গুরে খুন স্টুডিও মালিক, গ্রেপ্তার অভিযুক্ত

বকেয়া নিয়ে বিবাদের জেরেই সিঙ্গুরে খুন স্টুডিও মালিক, গ্রেপ্তার অভিযুক্ত
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরে স্টুডিও মালিক খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সঞ্জীব পাখিরা। সে সিঙ্গুরের বড়া গ্রামের বাসিন্দা। রবিবার ভোররাতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিসের দাবি, স্টুডিও মালিক সোমনাথ মাইতি, সঞ্জীবকে তিন লক্ষ টাকা ধার দিয়েছিলেন। কিছু টাকা শোধ করলেও বড় অংশই বকেয়া ছিল। সম্প্রতি সেই টাকার জন্য সোমনাথ তাগাদা দিচ্ছিলেন। তাতেই বিরক্ত হয়ে সোমনাথকে নিকেষ করার পরিকল্পনা করেছিল সঞ্জীব। রবিবার হুগলির গ্রামীণ পুলিসের অতিরিক্ত সুপার কৃষাণু রায় বলেন, টাকা নিয়ে বিবাদের জেরেই খুন। আমরা ধৃতকে হেফাজতে নিয়েছি। সমস্ত ঘটনা দ্রুত প্রকাশ্যে আসবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত তার অপরাধ কবুল করেছে। ঘটনার পুনর্নির্মাণের পরিকল্পনা করেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত বুধবার রাতে বাড়ি ফেরার মথে মহম্মদ বাজারের রাস্তায় সোমনাথবাবু খুন হন। ঘটনার তদন্ত শুরু করে পুলিস। মৃতের স্ত্রী সুইটি মাইতি তাঁর স্বামীর খুনের পিছনে টাকা লেনদেনের বিষয়টি উল্লেখ করেছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ