Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া ভাতা নিয়ে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ অব্যাহত

বকেয়া ভাতা নিয়ে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ অব্যাহত
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের ভাতা নিয়ে বিক্ষোভ চলছেই। মঙ্গলবার পুরসভার মহিলা স্বাস্থ্যকর্মীরা বকেয়া ভাতার দাবিতে পুরসভায় বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, গত দু’মাস ধরে ভাতার টাকা পুরসভা মেটায়নি। অনেকেরই সংসার চলে ভাতার ওই সামান্য টাকার ভরসায়। সেই টাকাও না মেলায় সংসার অচল হয়ে পড়েছে। বাজারে ঋণ বাড়ছে। এদিন মহিলা কর্মীরা পুরসভার চেয়ারম্যানকেও বিক্ষোভ দেখান। 
Advertisement
পাশাপাশি, পুরসভার জলবিভাগের অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, তাঁদের ভাতার টাকা মঙ্গলবার মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবার টাকা মেলেনি। বুধবার দুপুর পর্যন্ত টাকা না মিললে তাঁরা ধর্মঘটে যাবেন। লাগাতার কর্মী বিক্ষোভের জেরে পুরসভার পরিষেবা নিয়ে জটিলতা বাড়ছে। যদিও পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, পরিষেবায় কোথাও সমস্যা নেই। অস্থায়ী কর্মীদের ভাতার টাকা পুরসভার ভাণ্ডার থেকেই দিতে হয়। একদিকে টাকার সমস্যা আছে। অন্যদিকে, কিছু প্রশাসনিক জটিলতায় টাকা দেওয়া যায়নি। কিন্তু ভাতার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, সোমবারই ভাতার টাকা না পাওয়ার প্রতিবাদে পুরসভার বিদ্যুৎ বিভাগের কর্মীরা কর্মবিরতি শুরু করেছিলেন। তাতে পুরসভার একাধিক ওয়ার্ডে পথবাতি জ্বালানো হয়নি। শহরের অনেক এলাকা অন্ধকার ছিল। তা নিয়ে শহরজুড়ে সমালোচনা শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ