নয়াদিল্লি ও তিরুঅনন্তপুরম: কংগ্রেসের গলার কাঁটা শশী থারুর! তিরুঅনন্তপুরমের এই দলীয় সাংসদকে নিয়ে বিড়ম্বনা কাটছেই না হাত শিবিরের। ‘অপারেশন সিন্দুর’ পরবর্তী পরিস্থিতিতে পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে মোদি সরকারের কূটনৈতিক কৌশলের সমর্থনে কথা বলেছিলেন তিনি। এবার জরুরি অবস্থার ইস্যুতে কংগ্রেস হাইকমান্ডকে নতুন করে অস্বস্তির মুখে ফেললেন থারুর। সাম্প্রতিক নিবন্ধে তিনি ১৯৭৫-৭৭ সাল পর্যন্ত চলা জরুরি অবস্থার ওই সময়কে ‘কালো অধ্যায়’ বলে উল্লেখ করেছেন। থারুর লিখেছেন, জরুরি অবস্থার সময় ‘অকথ্য অত্যাচার’ চলেছে। এবং সেই প্রেক্ষিতেই সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তাঁর পুত্র সঞ্জয় গান্ধীর নাম উল্লেখ করেছেন। জরুরি অবস্থার সময় জোর করে নির্বীজকরণ, বস্তি উচ্ছেদ ও মৌলিক অধিকার হরণের মতো ঘটনার তীব্র সমালোচনাও করেছেন তিনি। আর পাল্টা আসরে নেমে থারুরকে কংগ্রেস সাংসদ মানিকাম টেগরের কটাক্ষ, ‘কোনও সহকর্মী অক্ষরে অক্ষরে বিজেপির বুলি আওড়াচ্ছেন দেখে সত্যিই অবাক হচ্ছি: পাখি কি তাহলে তোতা হয়ে পড়ছে? পাখিরা শুনে শুনে কথা বললে সুন্দর লাগে। কিন্তু রাজনীতিতে তা চলে না।’ অর্থাৎ থারুরকে পরোক্ষে ‘বিজেপির তোতাপাখি’ বলে ঠেস দিলেন তিনি।



