Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি কর্মীকে পিটিয়ে খুন! ধৃত ১ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

রাজ্যে পালাবদল হওয়ায় আনন্দে গেরুয়া আবির মেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বিজেপি কর্মীকে পিটিয়ে খুন! ধৃত ১ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যে পালাবদল হওয়ায় আনন্দে গেরুয়া আবির মেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উদয়নারায়ণপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রীর রামচক গ্রামে। মৃতের নাম যাদব বর (৪৫)। এই ঘটনায় মৃতের স্ত্রী কৃষ্ণা বর অভিযুক্তদের নামে উদয়নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় পুলিশ উত্তম গায়েন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোট গণনার পর বিজেপির জয়ের খবর আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় গেরুয়া আবির নিয়ে উৎসবে মেতে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকরা। উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী গ্রামেও বিজেপি কর্মী-সমর্থকরা আবির মেখে আনন্দে মেতে ওঠেন। মৃতের স্ত্রী কৃষ্ণা বর বলেন, আমরা আনন্দে পাড়ার সবাই চাঁদা তুলে খাওয়া-দাওয়া করছিলাম। সেখানে আমার স্বামী অন্যদের সঙ্গে গেরুয়া আবির মেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছিল। তাঁর অভিযোগ, খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা স্বামীকে মুখ চাপা দিয়ে টেনে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দলীয় কর্মী খুন প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস  সামন্ত বলেন, যাদব বর আমাদের দলের দীর্ঘদিনের কর্মী। সোমবার দলের জয়ের পর তিনি আনন্দ প্রকাশ করছিলেন। সেই কারণেই তৃণমূলের দু্ষ্কৃতীরা তাঁকে পিটিয়ে খুন করেছে। আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, নির্বাচনে হেরে তৃণমূল কর্মীরা নানা জায়গায় আক্রান্ত হচ্ছেন। এমনকি, সোমবার বিধায়ক সমীর পাঁজাও আক্রান্ত হয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ