সংবাদদাতা, বোলপুর: এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আগামী ৫ নভেম্বর দুর্গাপুরে মহামিছিলের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সেই কর্মসূচি সফল করতে মঙ্গলবার বোলপুরে বিশেষ সাংগঠনিক বৈঠক করল গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গ বিজেপির সহ প্রভারী রাজেন্দ্র সিংয়ের উপস্থিতিতে এই বৈঠকে ছিলেন রাজ্যের আবাসন প্রতিমন্ত্রী কলিতা মাঝি, বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ বিধায়করা এবং জেলার পদাধিকারীরা। বিজেপির এই তৎপরতাকে কটাক্ষ করেছেন জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী। তাঁর দাবি, এসআইআর নিয়ে বিরোধীদের আন্দোলন এবং রাহুল গান্ধীর নেতৃত্বে ভোট চুরির অভিযোগে বিজেপি চাপে পড়েছে। অন্যদিকে, রাজনৈতিক লড়াই যেন রাজনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকে, সেই বার্তা দিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ নভেম্বর দুপুর ১টায় দুর্গাপুরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মহামিছিলের আয়োজন করা হয়েছে। সিজেপি ও কংগ্রেসের অপপ্রচার এবং এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি। এদিনের মিছিল সফল করতে বোলপুর জেলা কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলা থেকে প্রায় চার হাজার কর্মী-সমর্থক এই মহামিছিলে যোগ দেবেন। পাশাপাশি, রাঢ় বাংলা থেকে প্রায় ৪০ হাজার মানুষ সমাগমের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। সেই লক্ষ্য পূরণে জেলা স্তরে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় করার পাশাপাশি জনসংযোগেও জোর দেওয়া হচ্ছে।
এই বৈঠক নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী। তিনি বলেন, জ্ঞানেশ কুমারকে দিয়ে বিজেপি যেভাবে ভোট চুরি করিয়েছে, তার বিরুদ্ধে আমাদের নেতা রাহুল গান্ধী সোচ্চার হয়েছেন। তাঁকে থামানোর জন্য ভয় পেয়ে এখন নানা কর্মকাণ্ড করছে বিজেপি। তাদের কেন্দ্রীয় মন্ত্রীরা দপ্তরে আসছেন না। এমনকি, আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে আমাদের কর্মসূচিতে বিপুল মানুষের সমাগম হবে। সেই কর্মসূচি থেকেও ভয় পাচ্ছে বিজেপি। নিজেদের যাবতীয় কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা। কংগ্রেসের এই অভিযোগ অবশ্য বিজেপি মানতে নারাজ। অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজনৈতিক লড়াইয়ের সীমা বজায় রাখার বার্তা দিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ। তিনি বলেন, রাজনৈতিক ভাবে কোনো দল মোকাবিলা করতেই পারে। লড়াইটা যেন রাজনৈতিক থাকে। কোনোভাবেই সাংস্কৃতিক ক্ষতি যেন না হয়।
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, এসআইআর নিয়ে বিরোধীরা অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই অপপ্রচারের জবাব সহ গণতন্ত্র রক্ষার দাবিতে দুর্গাপুরে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সেই কর্মসূচি সফল করার প্রস্তুতি চলছে। বিরোধীদের অভিযোগকে গুরুত্ব না দিয়ে বিজেপি নিজেদের কর্মসূচির মাধ্যমেই মানুষের কাছে বক্তব্য তুলে ধরতে চায়।



