Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্ত্রী সাবিনার দপ্তরে রহিম বক্সির মেয়ের চাকরি বিতর্ক উস্কে পোস্ট বিজেপি সাংসদ সুকান্তর

সেচ ও জলপথ দপ্তরে জেলা মালদহ তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির এক মেয়ের কন্ট্রাকচুয়াল নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে

মন্ত্রী সাবিনার দপ্তরে রহিম বক্সির মেয়ের চাকরি বিতর্ক উস্কে পোস্ট বিজেপি সাংসদ সুকান্তর
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা মালদহ: সেচ ও জলপথ দপ্তরে জেলা মালদহ তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির এক মেয়ের কন্ট্রাকচুয়াল নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার এই বিষয়ে তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এরপরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। 

Advertisement

এক্স হ্যান্ডেলে সুকান্ত লিখেছেন, লক্ষ লক্ষ মেধাযুক্ত, যোগ্য বেকার যুবক-যুবতী যখন চাকরির দাবি নিয়ে ফুটপাতে রাত কাটাচ্ছেন, তখন নিঃশব্দে বিশেষ প্রভাব খাটিয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির কন্যাকে চাকরি পাইয়ে দিলেন রাজ্যের সেচ এবং জলপথ  প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ওই পোস্টেই নিয়োগ সংক্রান্ত নির্দেশনামার একটি ছবিও পোস্ট করেছেন সুকান্ত। (ওই ছবির সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) তবে ওই নিয়োগ প্রক্রিয়া বৈধ বলে দাবি করে বিজেপিকে কড়া ভাষায় পাল্টা আক্রমণ শানিয়েছেন সাবিনা। প্রসঙ্গে মন্ত্রী সাবিনা বলেন, সম্পূর্ণ রীতিনীতি মেনে আইনি প্রক্রিয়ায় তিনজনকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। মন্ত্রীদের এই নিয়োগের অধিকার প্রথম থেকেই রয়েছে। কংগ্রেস ও বামফ্রন্ট আমলেও এমন অনেক নিয়োগ হয়েছে। পুরোটাই আইনসম্মত। পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করে সাবিনা বলেন, বিজেপির অনেক নেতা, বিধায়ক, মন্ত্রী নিজেদের লোকেদের বিভিন্ন জায়গায় অবৈধভাবে নিয়োগ করেছেন। এখন আমাদের বৈধ নিয়োগের অধিকার নিয়ে রাজনীতি করছেন। আসলে বিজেপির কাছে কোনও ইস্যু নেই। তাই তারা নোংরা রাজনীতি করছে। 
আব্দুর রহিম বলেন, আমার মেয়ে বিবাহিত। অন্যত্র থাকে। তার নিয়োগের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। তবে আমার পরিবারের সদস্যরা যোগ্য হলেও তাদের নিয়োগ নিয়ে আমি কখনও কারও কাছে সুপারিশ করিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ