Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূলীর বাড়িতে রাতে তোলাবাজি, বেধড়ক মার খেয়ে হাসপাতালে বিজেপি নেতারা কেশপুরে উত্তেজনা

রাত হলেই বাড়ছিল তোলাবাজি। অভিযোগের তির বিজেপির দিকে

তৃণমূলীর বাড়িতে রাতে তোলাবাজি, বেধড়ক মার খেয়ে হাসপাতালে বিজেপি নেতারা কেশপুরে উত্তেজনা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রাত হলেই বাড়ছিল তোলাবাজি। অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, টাকা দাবি, এমনকী ভাঙচুরের অভিযোগও উঠছিল বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এবার তৃণমূল নেতার বাড়িতে হামলা করতে গিয়ে বেধড়ক মার খেলেন বিজেপি নেতারা। জখম অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পাল্টা হামলায় তৃণমূল নেতার স্ত্রীও জখম হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কেশপুরজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশপুর ব্লকের তৃণমূল নেতা শেখ হাবিবুল রহমান একসময় দলের অঞ্চল সভাপতি ছিলেন। বুধবার রাতে তাঁর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ ওঠে বিজেপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে ঢুকে ব্যাপক মারধরের পাশাপাশি গাড়ির কাচও ভেঙে দেওয়া হয়। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাবিবুলের পরিবারের সদস্যরা পাল্টা প্রতিরোধ করেন বলে দাবি। মারধরে কয়েকজন বিজেপি নেতা জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে জখম হন হাবিবুলের স্ত্রীও।
তৃণমূলের অভিযোগ, ৪ মে’র পর থেকেই দলের নেতা-কর্মীদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে। জরিমানার নামে টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ। হাবিবুলের দাবি, তাঁর কাছেও ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তিনি এদিন বলেন, ‘আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছে। আমার স্ত্রীকে মারধর করার পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই অত্যাচার আর কত দিন সহ্য করতে হবে?’ 
ঘটনার জেরে বিজেপির অন্দরেও ক্ষোভ তৈরি হয়েছে। এক বিজেপি নেতার কথায়, তৃণমূলের কোনও নেতা দুর্নীতি করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ-প্রশাসন রয়েছে। কিন্তু রাতের অন্ধকারে তোলাবাজি করতে যাওয়ার কী দরকার? এতে মানুষের কাছে দলেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ক্ষমতায় থাকা দলের কর্মীরা মার খেল—এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন, ‘বিজেপি নেতাদের কেন মারধর করা হল, পুলিশ তদন্ত করে দেখবে। তৃণমূল নেতা হাবিবুলের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’
তৃণমূল নেতা মহম্মদ রফিক বলেন, ‘এই ঘটনার তীব্র নিন্দা করছি। হাবিবুলের বাড়িতে হামলার সিসিটিভি ফুটেজ পেয়েছি। বিজেপি ব্যবস্থা নেবে বলে আশাবাদী।’ 
কেশপুরে একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় লোকসভা-পরবর্তী রাজনৈতিক সমীকরণ ঘিরে এমনিতেই চাপানউতোর চলছে। তার মধ্যেই তৃণমূল নেতার বাড়িতে হামলা এবং পাল্টা মারধরের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ