Bartaman Logo
৯ জুন, ২০২৬

গোয়ায় বিজেপির মন্ত্রীরা শুধু টাকার নোট গোনেন, তীব্র আক্রমণ পদ্ম-নেতার

গোয়ার বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও  ‘অযোগ্য’ বলে আক্রমণ করলেন বিজেপিরই এক প্রাক্তন মন্ত্রী।

গোয়ায় বিজেপির মন্ত্রীরা শুধু টাকার নোট গোনেন, তীব্র আক্রমণ পদ্ম-নেতার
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পানাজি: গোয়ার বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও  ‘অযোগ্য’ বলে আক্রমণ করলেন বিজেপিরই এক প্রাক্তন মন্ত্রী। পান্ডুরং মাদাইকর নামে ওই বিজেপি নেতার দাবি, ছোট একটা কাজের জন্যও বর্তমান সরকারের এক মন্ত্রী তাঁর কাছ থেকে ঘুষ চেয়েছেন। তবে কারও নাম বলেননি তিনি। মাদাইকরের দাবি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সরকার কোনও কাজ করে না। গোয়ায় কিছু হচ্ছে না। চারদিকে লুটপাট চলছে। মন্ত্রীরা শুধু নোট গুনতে ব্যস্ত। পানাজিতে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের সঙ্গে বৈঠকে বসেছিলেন ওই প্রাক্তন মন্ত্রী। তারপরই একের পর এক বিস্ফোরক দাবি করেন তিনি। স্বয়ং বিজেপি নেতাই সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলার পর শোরগোল শুরু হয়ে গিয়েছে আরব সাগরের তীরের এই রাজ্যে।  

Advertisement

মুখ্যমন্ত্রী সাওয়ান্ত অবশ্য সরাসরি অভিযোগ অস্বীকার করেননি। তিনি মাদাইকরের কাছে অভিযুক্ত মন্ত্রীর নাম জানতে চেয়েছেন। স্বাভাবিক ভাবেই এই ইস্যুতে মাঠে নেমে পড়েছে কংগ্রেস। দলের নেতা ইউরি আলেমাও বলেন, ‘এটা অত্যন্ত গুরুতর বিষয়। মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এটাকে কোনওভাবেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়। এই অভিযোগগুলি নিয়ে দ্রুত তদন্ত শুরু হওয়া প্রয়োজন।’
২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাদাইকর গোয়ার শক্তি, সামাজিক উন্নয়ন ও অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর পারিক্কর। তাঁর স্ত্রী ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়েছিলেন। কিন্তু কংগ্রেসে প্রার্থীর কাছে হেরে যান। মাদাইকরের বক্তব্য, ‘আমিও মন্ত্রী ছিলাম। তাই আমি জানি কীভাবে তাঁরা কাজ করেন। আমাকে একটা ছোট কাজের জন্য ওই মন্ত্রীকে ১৫-২০ লক্ষ টাকা দিতে হয়েছিল। কিন্তু তারপরেও উনি সেই কাজ করেননি। ফাইল পড়ে রয়েছে। আমি দেখা করতে চাইলেও উনি এড়িয়ে গিয়েছেন।’ তিনি জানান, দল ছাড়ার পরেই তিনি ওই মন্ত্রীর নাম প্রকাশ্যে আনবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ