সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৪ আগস্ট উদয়নারায়ণপুরের পেঁড়ো থানা এলাকায় তিরঙ্গা যাত্রার সময় বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি অভিজিৎ রায়কে মারধরের অভিযোগ ওঠে। কাঠগড়ায় খিলা অঞ্চলের তৃণমূল যুব সভাপতি শৌভিক পাত্র (তমাল ) ও তাঁর সঙ্গীরা। সুস্থ হওয়ার পর ২৫ আগস্ট পেঁড়ো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিজিৎ। তবে কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। যদিও হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পালের বক্তব্য, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ঘটনার দিন তিরঙ্গা যাত্রা শুরু হওয়ার সময় তাদের মিছিলের উপর হামলা চালানো হয়। বিজেপি কর্মীরা ছন্নছাড়া হয়ে গেলে ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে জয়নগর ব্রিজের কাছে শৌভিক পাত্রের নেতৃত্বে অভিজিতের উপর হামলা চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। আহত বিজেপি নেতার চিকিৎসা হয় কল্যাণী এইমস-এ। সুস্থ হয়ে বাড়ি ফিরে অভিজিৎ পেঁড়ো থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাধুখাঁ জানান, পুলিসের অনুমতি নিয়ে আমরা তিরঙ্গা যাত্রার আয়োজন করলেও তৃণমূল মিছিলে হামলা চালায়।



