নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রামনবমীর পুজো ও মিছিল ঘিরে পারদ চড়ছে মুর্শিদাবাদে। আর কোনও রাখঢাক না রেখে এবার সরাসরি মাঠে নামল বিজেপি। নতুন মিছিল ও পুজোর অনুমোদন পেতে পুলিস সুপারের দ্বারস্থ হয়েছিলেন খোদ বিজেপি সভাপতি। কিন্তু অনুমোদন মেলেনি।
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রামনবমীর পুজো ও মিছিল ঘিরে পারদ চড়ছে মুর্শিদাবাদে। আর কোনও রাখঢাক না রেখে এবার সরাসরি মাঠে নামল বিজেপি। নতুন মিছিল ও পুজোর অনুমোদন পেতে পুলিস সুপারের দ্বারস্থ হয়েছিলেন খোদ বিজেপি সভাপতি। কিন্তু অনুমোদন মেলেনি।
বিভিন্ন ধর্মীয় সংগঠন রামনবমীর শোভাযাত্রা ও পুজোর আয়োজন করে, এযাবত এমনই দাবি করে এসেছে বিজেপি নেতৃত্বরা। কিন্তু এবার নতুন শোভাযাত্রা ও পুজোর জন্য অনুমতি নিতে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের পুলিস সুপার সূর্যপ্রতাপ যাদবের সঙ্গে দেখা করেন বহরমপুরের বিজেপি সভাপতি মলয় মহাজন সহ ছয় কর্মকর্তা। কিন্তু তাতে লাভ হয়নি।
আগে থেকেই গোয়েন্দা রিপোর্টে উদ্বেগ বেড়েছে। রিপোর্টে জানা গিয়েছে, মুর্শিদাবাদে রামনবমীতে অশান্তি পাকানোর ছক রয়েছে। তাই যে মিছিলগুলি শুধুমাত্র ঐতিহ্য মেনে বছরের পর বছর হয়ে আসছে, সেই মিছিলগুলি করার অনুমতি দিয়েছে পুলিস। নতুন কোনও পুজো ও মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তারপরেও বিজেপি নেতারা মরিয়া হয়ে উঠেছে নতুন শোভাযাত্রা করার জন্য। বিজেপি নেতাদের দাবি, এতদিন যে পুজোগুলি বা শোভাযাত্রাগুলি করা হতো সেগুলি করা হবে। তবে বেশ কিছু পুজো ও শোভাযাত্রার কোনও অনুমতি নেওয়া হতো না। আমরা চাইছি সেগুলি পুলিসের নজরে এনে অনুমতি নিয়ে করতে। থানায় গেলে সেই শোভাযাত্রা ও পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না বলেই সমস্যা বেড়েছে বলে দাবি বিজেপি নেতাদের। পুলিসি অনুমোদন না মিললেও বেশকিছু শোভাযাত্রা বের করবে বিভিন্ন গ্রামগঞ্জের রামনবমী কমিটিগুলি।
বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মলয় মহাজন বলেন, ধর্মীয় স্বাধীনতার অধিকার সকলের আছে। পুলিসের সংখ্যা কমে গিয়েছে, রাইফেল কমে গেছে বলে তো আর আমাদের পুজো কমবে না। এতদিন অনুমতি নিয়ে যে সমস্ত পুজো হতো সেগুলো তো হচ্ছেই, তার অনুমতি পুলিস দিয়েছে। তবে বেশ কিছু পুজো এবং মিছিল অনুমতি ছাড়াই এতদিন করা হতো। সেগুলির অনুমতির জন্য থানায় যাওয়া হয়েছিল। থানা থেকে মিছিলগুলির অনুমতি দেবে না বলছে। তাই পুলিস সুপারের দ্বারস্থ হয়েছিলাম। তিনিও একই কথা জানিয়েছেন। তবে অনুমতি না মিললেও পুজো হবে এবং মিছিল বের হবে।
গত এক মাসে বিভিন্ন ঘটনায় সাম্প্রদায়িকভাবে উত্তেজনা ছাড়ায় মুর্শিদাবাদে। রামনবমী ঘিরে তাই আগেভাগেই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে জেলা পুলিস। তাই পুরনো শোভাযাত্রা ও পুজোগুলিকেই শুধুমাত্র ঐতিহ্য মেনে করার অনুমতি দেওয়া হয়। নতুন কোনও শোভাযাত্রার অনুমোদন দেওয়া হয়নি। যাতে সেইসব শোভাযাত্রা থেকে কোনও অশান্তি তৈরি হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংস্থা এখন অনুমতি ছাড়া শোভাযাত্রা ও পুজো করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে পুলিস।
বহরমপুর সাংগঠনিক জেলার পাশাপাশি বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলাতেও বেশ কয়েকটি নতুন শোভাযাত্রা ও রামনবমীর পুজোর আয়োজন করা হয়েছে বলেই জানা গিয়েছে। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, এই সাংগঠনিক জেলায় যতগুলি পুজো ও শোভাযাত্রা হতো সেগুলো সবই হচ্ছে। এছাড়া আরও তিন থেকে চারটি বড় বড় পুজো এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ৬ এপ্রিলের পাশাপাশি ৭ এপ্রিলও শোভাযাত্রা হবে।