নয়াদিল্লি: ‘অপারেশন সিন্দুর’ থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা পুরোমাত্রায় শুরু করেছে বিজেপি। আগামী ৯ জুন থেকে তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মধ্যে সিঁদুর বিলির কর্মসূচি হাতে নিয়েছে। এই নিয়ে বৃহস্পতিবার গেরুয়া শিবিরকে একহাত নিল মল্লিকার্জুন খাড়্গের দল। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে ‘অপারেশন সিন্দুর’কে ব্যবহার করা হচ্ছে। কংগ্রেস মুখপাত্র রাগিনী নায়েক এদিন প্রশ্ন তুলেছেন, ‘সেনাবাহিনীর সাফল্য কুক্ষিগত করতে মোদি সরকার আর কত নীচে নামবে?’
৯ জুন তৃতীয় মোদি সরকারের বর্ষপূর্তি। ওইদিন কীভাবে পালন করা হবে, তা এখনও খোলসা করেনি বিজেপি। সিঁদুর বিলির বিষয়টি নিয়েও বিজেপির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে এই নিয়ে সরব হয়েছে কংগ্রেস। রাগিনী নায়েক বলেন, ‘অপারেশন সিন্দুরের সঙ্গে সেনার পোশাকে প্রধানমন্ত্রীর পোস্টার সারা দেশে প্রচার করেও সন্তুষ্ট হয়নি বিজেপি। এখন বিজেপি বাড়ি বাড়ি গিয়ে সিন্দুর বিলি করার কথা ঘোষণা করেছে।’ কংগ্রেস মুখপাত্রের প্রশ্ন, সিঁদুর বিলি করে কী বার্তা দিতে চাইছে বিজেপি? সিঁদুরকে আশীর্বাদ হিসেবে ধরা হয়। পহেলগাঁওতে হামলা চালিয়ে জঙ্গিরা মহিলাদের সিঁথির সিঁদুর কেড়ে নিয়েছে। তাদের এখনও খতম করা যায়নি। তাহলে কীসের সিঁদুর বিলি?’ সাধারণ মানুষের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বিজেপি-আরএসএস কর্মীরা যখন সিঁদুর নিয়ে আসবে, তখন অবশ্যই জিজ্ঞাসা করবেন, কার ভুলে এমনটা ঘটল? কে এর জন্য দায়ী? সেই ব্যক্তি কেন ইস্তফা দিচ্ছেন না?’