Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আদি-নব্যের লড়ইতে বারাসতে আক্রান্ত বিজেপির জেলা সভাপতি

বারাসতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার পৌঁছে গেল জেলা সভাপতির দরজায়। বুধবার গভীর রাতে হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় ক্লাব দখলকে কেন্দ্র করে আদি ও নব্য বিজেপি গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

আদি-নব্যের লড়ইতে বারাসতে আক্রান্ত বিজেপির জেলা সভাপতি
  • ২৮ মে, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার পৌঁছে গেল জেলা সভাপতির দরজায়। বুধবার গভীর রাতে হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় ক্লাব দখলকে কেন্দ্র করে আদি ও নব্য বিজেপি গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তার জেরেই আক্রান্ত হলেন বারাসত জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দার। ঘটনাকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা ছড়ায় বারাসাত টাকি রোড, হাসপাতাল চত্বর ও হৃদয়পুর এলাকাজুড়ে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় সংগঠন ও প্রভাব বিস্তার নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। বুধবার রাতে সেই বিরোধ হঠাৎই রক্তক্ষয়ী সংঘর্ষের আকার নেয়। অভিযোগ, দু'পক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ইটবৃষ্টি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে একাধিক কর্মী-সমর্থক জখম হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, ক্ষুব্ধ নব্য বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ পরে জেলা সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে চড়াও হয়। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বারাসত মেডিকেল কলেজে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর বারাসত ও সংলগ্ন এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতাল চত্বরে দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।  স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছনোর কারণেই সংঘর্ষ আরও ভয়াবহ আকার নেয়।

এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন উভয়পক্ষের একাধিক কর্মী-সমর্থক। বিজেপির অন্দরের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে জেলা রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ