সংবাদদাতা, গঙ্গারামপুর: বিজেপির জেলা সভাপতির গড় গঙ্গারামপুর উদয় সমবায় নির্বাচনে খাতা খুলতে পারল না বিজেপি। ৬৭ বছরে পা রেখেছে উদয় সমবায় কৃষি উন্নয়ন সমিতি। জন্মলগ্নের পরে এই প্রথম সমবায়ে নির্বাচন দেখলেন স্থানীয় বাসিন্দারা। এতদিন জেলা সমবায় দপ্তর উদয় সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালনা করত। নির্বাচিত কোনও বোর্ড ছিল না। সমবায়ের দুর্নীতিকে ইস্যু করেই শাসক দল তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট, বিজেপির সমর্থিত প্রার্থীরা নির্বাচনে লড়াই করেন। নির্বাচন হয় রবিবার। ১২ আসনের সমবায়ে ভোটার ৭৪০ জন। তৃণমূল সমর্থিত ১২ জন প্রার্থী নির্বাচনে লড়াই করেন। বামফ্রন্ট ৭টি, বিজেপি ৩টি ও নির্দল প্রার্থী একটি আসনে লড়াই করেন। ফুলবাড়ি হাইস্কুলে নির্বাচন হয়। রাতে সমবায়ের নির্বাচনের ফলাফল সামনে আসে। ১২টি আসনেই জয়লাভ করে তৃণমূল।



