Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

১১ অক্টোবর কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন, আত্মবিশ্বাসী বিজেপি

আগামী ১১ অক্টোবর কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের ভোট। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ১০টি জায়গা ছাড়াও কলকাতার বড়বাজার ব্রাঞ্চে ভোট হবে

১১ অক্টোবর কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন, আত্মবিশ্বাসী বিজেপি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামী ১১ অক্টোবর কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের ভোট। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ১০টি জায়গা ছাড়াও কলকাতার বড়বাজার ব্রাঞ্চে ভোট হবে। নির্বাচন উপলক্ষ্যে ২১ ও ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৯৯৮। ১০০ জন ডেলিগেট নির্বাচিত হবেন। নির্বাচিত ডেলিগেটরা ১৫ জন ডিরেক্টর নির্বাচিত করবেন। সেই ১৫ জনের মধ্যেই বোর্ড গঠন হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘ সময় এই কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি ছিলেন। পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ওই শহরাঞ্চলীয় কো-অপারেটিভ ব্যাংকের বোর্ড দখল নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। বিরোধীরা কতখানি লড়াই দেয় এখন সেটাই দেখার। ব্যাংকের প্রশাসক হিরোজ মাইতি বলেন, শুক্রবারই ভোটের সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১১অক্টোবর ব্যাংকের ডেলিগেট নির্বাচন হবে। 

Advertisement

উল্লেখ্য, গত ৪মে রাজ্যে পালাবদলের পর কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের তৃণমূল কংগ্রেসের সিংহভাগ প্রতিনিধি ইস্তফা দিয়েছেন। ফলে বোর্ড ভেঙে গিয়েছে। বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান তরুণ মাইতি এবং তরুণ জানা। গত ২৫ জুন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সিইও হিরোজ মাইতিকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন বোর্ড গঠনের জন্য পুনরায় ভোট প্রক্রিয়া শুরু হয়। ওই প্রক্রিয়ার মধ্যে সবার আগে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। ২৪ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। তারপর শুক্রবার ফাইনাল ভোটার তালিকা ও নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশিত হয়।
২০২৪ সালে ১৬ ডিসেম্বর দেশের মধ্যে প্রথম আধা সেনা দিয়ে ওই সমবায়ে ডেলিগেট নির্বাচন হয়েছিল। বিজেপির পক্ষ থেকে সমবায় নির্বাচনে আধা সেনা মোতায়েন করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশে আধা সেনা দিয়ে ভোট হয়। তখন ডেলিগেট আসন ছিল ১০৮টি। তার ম঩ধ্যে তৃণমূল ১০২ এবং বিজেপি ছ’টি আসনে জয়ী হয়েছিল। কিন্তু, মেয়াদ শেষ হওয়ার আগেই সেই বোর্ড ভেঙে গিয়েছে।
তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে কতটা লড়াই দেবে তানিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। দলের পক্ষ থেকে অখিল গিরিকে এই ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। তবে, ১০০ আসনে প্রার্থী দেওয়া তৃণমূলের কাছে মস্তবড় চ্যালেঞ্জ। ২১ ও ২২ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়া হবে। ২৫সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। আর ১১ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ওইদিনই ভোট গণনা ও ফল প্রকাশ হবে। জানা গিয়েছে, কাঁথি প্রভাতকুমার কলেজে কাঁথি-১, ২, ৩, ৪, ৫ ও ৬ নির্বাচনী ক্ষেত্রের ভোট হবে। এছাড়া, রামনগর রাও হাইস্কুল, এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল, পটাশপুরের পাঁচুড়িয়া সুধন্যমণি কন্যা বিদ্যালয়, হেঁড়িয়া শিবপ্রসাদ ইন্সটিটিউশন, নন্দীগ্রাম ব্রজমোহন তেওয়ারি শিক্ষা নিকেতন, বেলদা কলেজ, হলদিয়া গভর্নমেন্ট স্পনর্শড উচ্চ মাধ্যমিক, মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল এবং কলকাতায় ওই ব্যাংকের বড়বাজার ব্রাঞ্চে ভোট হবে। এই মুহূর্তে ব্যাংকের মোট সদস্য ৮০ হাজার ৯৯৮। মূলধন প্রায় ২২০৪ কোটি টাকা। বিজেপির জেলা সভাপতি সোমনাথ রায় বলেন, আমরা এই ব্যাংকে ডেলিগেট নির্বাচনে জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী।

Advertisement
সম্পর্কিত সংবাদ