সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। সোমবার পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন বিজেপির মহুয়া মণ্ডল। আগে এই পদে ছিলেন তৃণমূলের শম্পা দাস। এদিন পঞ্চায়েতের ২০ জন সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত থেকে নতুন প্রধান নির্বাচিত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক চিরণ বেরা, বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত, সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা প্রমুখ। এদিন প্রধান নির্বাচিত হওয়ার পর গেরুয়া আবির মেখে দলীয় পতাকা নিয়ে বাদ্যযন্ত্র সহকারে আনন্দে মেতে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকরা। গত পঞ্চায়েত নির্বাচনে জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে তৃণমূল পায় ১১টি আসন। বিজেপি জিতেছিল ৮টি আসনে এবং একটি আসন পেয়েছিল সিপিএম।



