Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে দেড় লক্ষ মার্জিনে জয় নিয়ে প্রত্যয়ী পদ্ম, উদযাপনে থাকবেন মুখ্যমন্ত্রী

কাল, শুক্রবার রেয়াপাড়ায় ভূতনাথ প্রধান মেমোরিয়াল আইটিআই কলেজে নন্দীগ্রাম উপ নির্বাচনের ভোট গণনা হবে।

নন্দীগ্রামে দেড় লক্ষ মার্জিনে জয় নিয়ে প্রত্যয়ী পদ্ম, উদযাপনে থাকবেন মুখ্যমন্ত্রী
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীকান্ত পড়্যা, নন্দীগ্রাম: কাল, শুক্রবার রেয়াপাড়ায় ভূতনাথ প্রধান মেমোরিয়াল আইটিআই কলেজে নন্দীগ্রাম উপ নির্বাচনের ভোট গণনা হবে। সকাল ৮টা থেকেই ২২টি টেবিলে মোট ১৫ রাউন্ড গণনা হবে। দেড় লক্ষ মার্জিনে জয়ের আত্মবিশ্বাস নিয়ে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক রেয়াপাড়ায় জমায়েত হবেন। বিধায়ক কার্যালয়ে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যের মধ্যে নন্দীগ্রামের মার্জিন ইতিহাস তৈরি করবে বলে বিজেপি কর্মীরা মনে করছেন। এই আত্মবিশ্বাসে ভর করেই কর্মীরা শুক্রবার সকাল থেকেই রেয়াপাড়ামুখী হবেন বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে।

Advertisement

ভোটে কোনো বোমা-গুলির আওয়াজ ছিল না। হয়নি রক্তপাতও। তবুও নন্দীগ্রামের ভোট নিয়ে বিরোধীরা শাসক দল বিজেপি ও পুলিশের বিরুদ্ধে সরব। পুলিশকে সামনে রেখে অবাধ ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি তুলেছে প্রদেশ কংগ্রেস। ভোটের নামে প্রহসন হয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে বামদলও। অবশ্য বিরোধীদের এই অভিযোগ নিয়ে ভ্রুক্ষেপ করেনি কমিশন। আগামী ৯ অক্টোবর গণনার সব রকমের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জানা গিয়েছে, ইভিএমে মোট ২২টি টেবিলে ভোট গণনা হবে। পোস্টাল ব্যালট গণনার জন্য থাকছে আরও চারটি টেবিল। মোট ২২ রাউন্ড গণনা শেষে রেজাল্ট সামনে আসবে। নন্দীগ্রামে মোট ভোটার ২লক্ষ ৬৬ হাজার ৪১৯। তারমধ্যে ৮০.৮৯ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ প্রায় ২ লক্ষ ১৫ হাজার ভোট পড়েছে। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭০ হাজার এর আশেপাশে থাকতে পারে বলে দলীয় সূত্রের খবর। সেক্ষেত্রে মার্জিন দেড় লক্ষের কাছাকাটি হতে পারে বলে পদ্মশিবির মনে করছে।  
ভোটে বিজেপির জয় নিয়ে বিরোধীদেরও কোনো সংশয় নেই। তবুও ময়দান আঁকড়ে লড়াই জারি রাখতে গণনা কর্মী দেবে কংগ্রেস ও বাম। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান বলেন, যেসব বুথে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন সেখানে রেজাল্ট আমাদের পক্ষে থাকবে। কিন্তু, ৬ তারিখ অবাধ ছাপ্পা ও ভোট লুট করেছে বিজেপির বহিরাগত বাহিনী। সেকথা মাথায় রেখেও আমরা কাউন্টিং এজেন্ট দেব। বাধা দিলে কিংবা ঢুকতে না দিলে ফিরে আসা ছাড়া উপায় থাকবে না। এভাবেই অনেক বুথ থেকে পোলিং এজেন্ট ফিরে গিয়েছেন।
সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি বলেন, আমরা কাউন্টিং এজেন্টদের লিস্ট তৈরি করার পর আশ্চর্যজনকভাবে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। গোকুলনর, কেন্দামারি-জালপাইতে আমাদের কাউন্টিং এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রে এজেন্ট বসানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছি। কিন্তু, পুলিশ ও আধা সেনাকে ব্যবহার করে তাঁদের বের করে দিলে ফিরে আসা ছাড়া কোনও উপায় থাকবে না। ভোটের দিন আমরা পুলিশ ও আধা সেনার যে ভূমিকা দেখেছি তাতে কোনো ভরসা পাচ্ছি না।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, আমরা দেড় লক্ষের কাছাকাছি মার্জিনে জিতব বলে আশা করছি। সর্বত্রই বেশ ভাল ভোট হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা নন্দীগ্রাম। সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষজন ভোট দিয়েছেন। বিরোধীদের কাজই হল অভিযোগ করা। তারা সেটা করছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ