নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বজবজের নোদাখালিতে অতি সম্প্রতি জলে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে। প্রতিবারই দেখা গিয়েছে, উদ্ধার কাজ শুরু হতে সময় লেগে যায়। কারণ পর্যাপ্ত পরিকাঠামোর অভাব। অন্য জায়গা থেকে আনতে হয় বোট। এবারে এই পরনির্ভরতা কাটাতে চাইছে প্রশাসন। তাই ব্লক অফিসেই একটি স্পিড বোট রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে সেটি কেনা হবে।
Advertisement
বজবজ ২ ব্লকের বিড়লাপুর জেটিঘাটটি বিপজ্জনক হয়ে আছে। প্রচুর লোকজন সেখানে স্নান করতে নামেন। কিন্তু জলের স্রোত এতটাই থাকে যে, যখন-তখন দুর্ঘটনার কবলে পড়তে পারে সাধারণ মানুষ। তাই এমন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজে নামার জন্য ওই বোট রাখা থাকবে ব্লক অফিসে। এর নাম ইনফ্লেটেবল স্পিড বোট। অর্থাৎ, যন্ত্রের সাহায্যে দ্রুত হাওয়া ভরে সেটি ব্যবহার উপযোগী করা যায়়। তারপর বোটটি জলে নামিয়ে ব্যবহার করে আবার হাওয়া বের করে রেখে দেওয়া যাবে। এক আধিকারিক বলেন, এটি চালানোর জন্য সিভিল ডিফেন্সের বেশ কয়েকজন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে।



