সংবাদদাতা, বোলপুর: ভোট-পরবর্তী হিংসা মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখ। রবিবার রাতে লাভপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় এক বিজেপি কর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। তারপর থেকেই তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপন করে ছিলেন বলে পুলিশের দাবি। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে লাভপুরে অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করা হয়।
একসময় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এবং পরবর্তীকালে কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত মামন শেখ এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে তোলাবাজি, বিজেপি কর্মীদের হুমকি, মারধর, বাড়ি ভাঙচুর ও প্রতারণার মতো একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।
উল্লেখ্য, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার তদন্তে সিবিআইয়ের নজরেও এসেছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পর মামলায় সক্রিয় তদন্ত শুরু হলে তিনি আত্মগোপন করেন বলে পুলিশ সূত্রে দাবি। ধৃতকে আজ সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।