নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া, আরামবাগ ও পুরুলিয়া: বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে পথশ্রী রাস্তাশ্রী-৪ প্রকল্পের সূচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়ার প্রশাসনিক সভা থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যজুড়ে ওই প্রকল্পের উদ্বোধন করেন। জেলায় জেলায় পৃথক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে বাঁকুড়া-২ ব্লকের বিকনা অঞ্চলের কেশিয়াকোলে জেলাস্তরের অনুষ্ঠান হয়। সেখানে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা পরিষদ সভাধিপতি অনুসূয়া রায়, জেলাশাসক সিয়াদ এন, বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেনমজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বাঁকুড়া শহরের মাচানতলায় পুরসভার উদ্যোগে একটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলাশাসক বলেন, প্রকল্পের এই পর্যায়ে বাঁকুড়ার ২২টি ব্লকে ৬৬২ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৩৮৬টি রাস্তা হবে। তারজন্য ৩৫৪ কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। জেলার শহরাঞ্চলে পথশ্রী রাস্তাশ্রী-৪ প্রকল্পের আওতায় ১৪০টি রাস্তা নির্মাণ হবে। যার দৈর্ঘ্য ৯১ কিলোমিটার।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও রাজ্য সরকার নিজের কোষাগার থেকে পথশ্রী প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছে। রাস্তা নির্মাণের কাজ যাতে ঠিকমতো হয়, তা নিজ নিজ এলাকায় দেখে নেবেন। রাস্তার কাজে কেউ যাতে অযথা বাধা না দেয়, তাও সকলকে দেখতে হবে।
জঙ্গলমহলের অন্যতম জেলা পুরুলিয়া জেলায় পথশ্রী রাস্তাশ্রী-৪ প্রকল্পের আওতায় শহর ও গ্রামীণ এলাকার একাধিক রাস্তার উন্নতিকরণ হতে চলেছে। এদিন নদীয়ার কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই কাজের সূচনা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার ২০টি ব্লক ও তিনটি পুর এলাকায় মোট ৫০২ কিলোমিটার রাস্তার হাল ফিরতে চলেছে। পুরুলিয়া-১ ব্লকের গাড়াফুসড়া পঞ্চায়েতের শ্যামপুর ময়দানে জেলা প্রশাসনের তরফে বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। জেলাশাসক কোন্থাম সুধীর, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত প্রমুখ উপস্থিত ছিলেন। জেলাশাসক বলেন, জেলার ৫০২ কিলোমিটার রাস্তার জন্য প্রায় ২৩০ কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যে বেশকিছু টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে।
এদিন আরামবাগেও পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের সূচনা হয়। গোঘাটের বেঙ্গাই এলাকায় মহকুমারস্তরের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। সেখানে হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায়, জয়দেব জানা প্রমুখ উপস্থিত ছিলেন। সেখান থেকে দু’টি রাস্তার শিলান্যাস হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় ৭০৭টি রাস্তা এই প্রকল্পে নির্মিত হবে। যার দৈর্ঘ্য প্রায় ৯৪৪ কিলোমিটার। ইতিমধ্যেই ২০৪টি রাস্তা তৈরির বরাত দেওয়া হয়েছে। বর্তমানে রাস্তা তৈরিতে প্রায় ৪৩৫ কোটি টাকার প্রশাসনিক অনুমোদন মিলেছে।