Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইকের ট্যাঙ্কের ভিতর মিলল সোনার বিস্কুট, ধৃত পাচারকারী

বাইকের ট্যাঙ্কের ভিতর মিলল সোনার বিস্কুট, ধৃত পাচারকারী
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাংলাদেশ থেকে সোনা পাচার হতে পারে ভারতে! গোয়েন্দা সূত্রে এমন নির্দিষ্ট খবর আগেই ছিল। তাই এক বাইক আরোহীর প্রতি সন্দেহ হওয়ায় চেক পোস্টে আটক করা হয়েছিল তাকে। কিন্তু, তল্লাশিতে মিলেনি কিছুই। যুবকের পরনে ছিল দামি জুতো, জিন্সের প্যান্ট, টি-শার্টের উপর জ্যাকেট। পোশাকের ভিতরেও কিছু নেই! বাইকের চাকা, ফিল্টার বক্স সব তল্লাশি করা হয়েছিল। সেখানেও পাওয়া যায়নি কিছু! কিন্তু, বাইকের ফুয়েল ট্যাঙ্কে তল্লাশি চালাতেই মিলল সাফল্য! ভিতর থেকে বেরিয়ে এল পরপর ৬টি সোনার বিস্কুট। হাতেনাতে পাকড়াও করা হয় পাচারকারীকেও। সোমবার বিকেলে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকায় এই সাফল্য পেয়েছে বিএসএফ। ধৃত যুবক এবং উদ্ধার হওয়া সোনার বিস্কুট স্থানীয় তেঁতুলিয়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা মারফত খবর আসার পরই তারালি সীমান্ত চৌকির জওয়ানরা হাকিমপুর চেকপোস্টে আরও নজরদারি বাড়িয়ে দেন। বিকেল ৪টে নাগাদ ওই বাইক আরোহী চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করছিল। কিন্তু, তার আগেই সে ধরা পড়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত পাচারকারী জানিয়েছে, সীমান্তে এক অচেনা বাংলাদেশি পাচারকারীর কাছ থেকে সে ওই সোনার বিস্কুটগুলি নিয়েছিল। সীমান্ত থেকে চেকপোস্ট পার করে সেগুলি স্বরূপনগরের বিথারিতে এক চোরাকারবারির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এই কাজ সম্পূর্ণ করতে পারলে তার ১২০০ টাকা কমিশন পাওয়ার কথা ছিল। কিন্তু, তা আগেই সে ধরা পড়ে যায়। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক তথা ডিআইজি এন কে পান্ডে বলেন, সীমান্তে চোরাচালান রুখতে জওয়ানরা সব সময় সতর্ক রয়েছেন। সীমান্তের বাসিন্দারা যাতে বিএসএফের ‘সীমা সাথী’ হেল্পলাইন ১১৪১৯ অথবা, হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭ এ সোনা পাচার সম্পর্কে খবর দেন, সেই আহ্বান জানান তিনি। ডিআইজি বলেন, যিনি সঠিক তথ্য দেবেন, তাঁর পরিচয় গোপনে রেখে পুরস্কৃতও করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ